সিলেটের বিয়ানীবাজারে ভোটের আগের রাতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব।
বুধবার দিবাগত রাত ১১টা ৪০ মিনিটের দিকে বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর এলাকার একটি আনারস বাগান থেকে দেশে তৈরি ‘ওয়ান শ্যুটার’ গানটি উদ্ধার করা হয়। তবে অস্ত্রের মালিককে শনাক্ত করা যায়নি।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বিয়ানীবাজারের মোল্লাপুরের একটি আনারস বাগানে ব্যাপক তল্লাশি চালায় র্যাবের একটি দল। এ সময় বাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি দেশিয় তৈরি ‘ওয়ান শ্যুটার গান’ ও ১২ বোর শটগানের ১টি কার্তুজ উদ্ধার করা হয়। তবে অস্ত্র ও কাতুর্জের সাথে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে র্যাবের তদন্ত চলছে।
র্যাব জানিয়েছে, জানায়, ২০২৪ সালের ৫ আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে অদ্যাবধি র্যাব-৯ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪২টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, ২৬ কেজি ৫৭০ গ্রাম বিস্ফোরক, ১৩৬টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ গুলিসহ ১৩৪টি এয়ারগান উদ্ধার করেছে।
জৈন্তা বার্তা/আরআর




