‘মুল্লুক চলো’ আন্দোলন দিবসে সিলেটে শহীদ চা শ্রমিকদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি
বুধবার, ২০ মে ২০২৬, ১০:১৯ PM

‘মুল্লুক চলো’ আন্দোলন দিবসে সিলেটে শহীদ চা শ্রমিকদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৫/২০২৬ ০৮:২১:৫৬ PM

‘মুল্লুক চলো’ আন্দোলন দিবসে সিলেটে শহীদ চা শ্রমিকদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

ছবি:সংগৃহীত


ঐতিহাসিক ‘মুল্লুক চলো’ আন্দোলনের ১০৫তম বার্ষিকী উপলক্ষে এবং চা শ্রমিক হত্যাকাণ্ডের শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখা।

বুধবার (২০ মে) সকালে সিলেট নগরীর ৫ নম্বর ওয়ার্ডের দলদলী চা বাগান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

সংক্ষিপ্ত সভায় জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার সদস্য সচিব আনোয়ার হোসেন বলেন, “২০ মে ইতিহাসের এক নৃশংসতম দিন। কিন্তু দুঃখজনকভাবে আজও এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে ‘চা শ্রমিক হত্যা দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি এবং শ্রমিকদের জন্য ছুটিও ঘোষণা করা হয় না।’

তিনি আরও বলেন, ‘চা শ্রমিকদের আত্মত্যাগের ইতিহাস ও তাদের ন্যায্য অধিকারের মর্যাদা রক্ষায় অবিলম্বে এই দিনকে রাষ্ট্রীয়ভাবে পালনের উদ্যোগ নিতে হবে।’

আনোয়ার হোসেন অভিযোগ করেন, ১০৫ বছর পেরিয়ে গেলেও চা শ্রমিকদের জীবনমানের উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। এখনও তারা স্বল্প মজুরি, ভূমির অধিকারহীনতা, বাসস্থানের অনিশ্চয়তা এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

তিনি বলেন, ‘১৯২১ সালের ২০ মে’র রক্তাক্ত ঘটনার চেতনাকে ধারণ করে চা শ্রমিকদের পূর্ণ নাগরিক অধিকার ও ন্যায্য মজুরি আদায়ের আন্দোলন আরও বেগবান করতে হবে।’

অনুষ্ঠানে দলদলী চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মিন্টু দাশ, সহ-সভাপতি অনিতা দাশ, গৌরি দেবী, বাবু মণ্ডলসহ বাগানের শ্রমিকরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: