ছবি:সংগৃহীত
নিজ নির্বাচনি এলাকা গোলাপগঞ্জে বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন ও দলীয় সভায় অংশ নিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। বুধবার (২০ মে) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার আমুড়া লম্বাব্রিজ থেকে ঘাগুয়া সিএনজি স্টেশন পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, ‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নের জন্য আমাকে আলাদা করে বলতে হবে না। আমার প্রাণের এই দুই উপজেলার প্রায় সব সমস্যা সম্পর্কে আমি অবগত। ইনশাআল্লাহ, রাস্তাঘাটের উন্নয়নসহ সব সমস্যার সমাধানে কাজ করা হবে। এজন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।’
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান হেলাল, সহসভাপতি রুহেলা আহমদ, আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল হক লুলু, সাধারণ সম্পাদক আব্দুল গফফার কুটি, সাংগঠনিক সম্পাদক আল-নবী চৌধুরী শিপন, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।
এর আগে বিকেলে আমুড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন পরিষদ হলে আয়োজিত দলীয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এমপি এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন, “সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় শৃঙ্খলা মেনে জনসাধারণের কল্যাণে কাজ করতে হবে। দলীয় শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।”
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল হক লুলু। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফফার কুটি ও সাংগঠনিক সম্পাদক আল-নবী চৌধুরী শিপন। সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে যাচ্ছে উল্লেখ করে স্থানীয় বাসিন্দারা রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধনকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, স্বাধীনতার পর থেকে কাদা-পানি মাড়িয়ে চলাচল করতে হতো এ সড়কে। এখন রাস্তা নির্মাণ হলে এলাকাবাসীর দুর্ভোগ অনেকটাই কমে যাবে।
জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অনেক সড়ক এখনও কাঁচা রয়েছে। বুধবার দিনভর বিভিন্ন সমস্যাগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এমপি এমরান আহমদ চৌধুরী এবং স্থানীয়দের সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




