সংগৃহিত
অভিনয়, গান কিংবা দেশের নানা ইস্যু নিয়ে আলোচনায় থাকতে পছন্দ করেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। কখনওবা হামলা-মামলার শিকার হয়ে হয়েছেন খবরের শিরোনামও। এবার তিনি খবরে এলেন শাকিব খানের নায়িকাকে নিয়ে!
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ‘প্রিয়তমা’র নায়িকা কলকাতার অভিনেত্রী ইধিকা পালের সঙ্গে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যা নিয়ে চলছে তুমুল আলোচনা।
তবে খোঁজ নিয়ে জানা যায়, এটি বাস্তবে নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি ভিডিও। যেখানে একসঙ্গে হাজির হয়েছেন হিরো আলম ও ইধিকা।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন হিরো আলম। সেখানে তাকে দেখা যায় ইধিকা পালের সঙ্গে অ্যাকশন ও ড্রামাধর্মী বিভিন্ন দৃশ্যে। কখনও দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে সংলাপ বলতে, আবার কখনও সিনেমার স্টাইলে রোমান্টিক ও অ্যাকশন মুডে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্ত-অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
জানা গেছে, পুরো ভিডিওটিই তৈরি করা হয়েছে এআই প্রযুক্তির মাধ্যমে। বাস্তবে ইধিকা পাল ও হিরো আলম একসঙ্গে কোনো শুটিং করেননি। কাজটি করেছেন হিরো আলমের ছোট ভাই মাহমুদ হাসান। তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করেছেন।
হিরো আলম বলেন, ‘এখন এআইয়ের যুগ। নতুন নতুন প্রযুক্তি আসছে। দর্শকদের একটু ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করেছি। অনেকেই ভিডিওটি দেখে অবাক হয়েছেন। কেউ কেউ ভাবছেন সত্যি সত্যিই আমরা একসঙ্গে কাজ করেছি।’
তিনি আরও বলেন, ‘ইধিকা পাল বর্তমানে জনপ্রিয় একজন অভিনেত্রী। বিশেষ করে শাকিব খানের সঙ্গে কাজ করার পর বাংলাদেশেও তার পরিচিতি অনেক বেড়েছে। সেই জায়গা থেকে দর্শকদের জন্য একটু মজার কিছু করার চিন্তা থেকেই ভিডিওটি বানানো হয়েছে।’
হিরো আলম জানান, তার ছোট ভাই মাহমুদ হাসান প্রযুক্তিনির্ভর কাজ নিয়ে আগ্রহী। সেই আগ্রহ থেকেই পরীক্ষামূলকভাবে এই ভিডিও তৈরি করা। তিনি চেয়েছেন নতুন কিছু দেখাতে। মানুষ যেন বিনোদনের পাশাপাশি প্রযুক্তির ব্যবহারটাও বুঝতে পারে।
জৈন্তাবার্তা/সুলতানা




