ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সিলেটের ৬টি সংসদীয় আসনে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে গড়ে ২০ শতাংশ।
বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
তিনি বলেন, ১২টা পর্যন্ত কোনো কোনো কেন্দ্রে ভোট পড়েছে ১৭-১৮ শতাংশ। আবার কোনো কোনো কেন্দ্রে ২২-২২ শতাংশ। সব মিলিয়ে গড়ে ২০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
দুপুর পর্যন্ত সিলেটের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান জেলা প্রশাসক।
সিলেট জেলায় মোট ভোটার রয়েছেন ২৯ লাখ ১৬ হাজার ৫৭৯ জন। এর মধ্যে পুরুষ ১৪ লাখ ৯৮ হাজার ৯৫৩ জন এবং নারী ভোটার ১৪ লাখ ১৭ হাজার ৬১০ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩২ জন। এ জেলার ছয়টি সংসদীয় আসনে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট শুরুর পর থেকে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, ধীরে ধীরে ভোটাররা কেন্দ্রে আসছেন। কয়েকটি কেন্দ্রে নারী ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়। আর বেশ কয়েকটিতে ভোটার উপস্থিতি অনেক কম ছিল।
আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সিলেটের ছয়টি সংসদীয় আসনে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৬টি আসনে ৪ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এসব আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৫টি আসনে মনোনয়ন দিয়েছে এবং একটি আসনে শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী রয়েছে। সিলেটের ৬টি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩ জন প্রার্থী দিয়েছে, বাকি ৩টি আসনে ১১দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের ২ জন ও বাংলাদেশ খেলাফত মজলিসের ১ জন প্রার্থী রয়েছে। জাতীয় পার্টি থেকে সিলেটের ৪টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে। গণঅধিকার পরিষদ থেকে ৩টি আসনে প্রার্থী রয়েছে। এছাড়া ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, গণফোরাম এবং বাংলাদেশ মুসলিম লীগ থেকে একজন করে প্রার্থী রয়েছেন।
জৈন্তা বার্তা/আরআর




