ছবি: সংগৃহীত
বিএনপি-জামায়াতের অবরোধের দ্বিতীয় দিনেও সহিংসতা করেছে। রাজধানীসহ চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সাভারে বেশ কয়েকটি যানবাহনে আগুন দিয়েছে অবরোধকারীরা।
বুধবার (১ নভেম্বর) সকাল থেকে বগুড়ার বনানী, তিনমাথা, মাটিডালিসহ বেশ কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা দেয় অবরোধকারীরা। তিনমাথা রেলগেট এলাকায় একটি কাভার্ডভ্যান ভাঙচুর করে পিকেটাররা। পরে পুলিশ, বিজিবি ও এপিবিএনের সদস্যরা সেখানে গেলে তাদের ওপর ইটপাটকেল ছোড়ে নেতাকর্মীরা। পুলিশকে লক্ষ্য করে ঘটানো হয় ককটেল বিস্ফোরণ। এতে সড়কে বন্ধ হয়ে যান চলাচল। পরে টিয়ার শেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এদিকে ঢাকা-রংপুর মহাসড়ক হয়ে মাটিডালির দিকে যাবার সময় একটি ট্রাকের গতিরোধ করে অটোরিকশায় করে আসা মুখে কাপড় বাধা ৬ থেকে ৭ যুবক। এরপর ট্রাকে আগুন লাগিয়ে দেয় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সোনারগাঁ এবং আড়াইহাজারে এদিনও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় আড়াইহাজারে পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান ও একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে অবরোধকারীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি।
চট্টগ্রামের কর্ণফুলীর ভেল্লা ব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী বাসে ভাঙচুর চালায় অবরোধকারীরা। এরপর পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়া হয় বাসটিতে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি যাত্রীশূন্য হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নগরীর পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে র্যাব সদস্যরা।
সাভারের হেমায়েতপুরে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুন দেয় অবরোধকারীরা। এতে বাসটি পুরোপুরি পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ দুজনকে আটক করে। তারা বাসে আগুন দেয়ার কথা স্বীকার করে।
রেলপথেও হামলা চালিয়েছে অবরোধকারীরা। পাবনার ঈশ্বরদীর লোকোসেড এলাকায় কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেসে ককটেল নিক্ষেপ করে তারা। এতে একটি বগির জানালা ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হয়নি।
এ ছাড়া ভোলা ও খাগড়াছড়িতে রাস্তায় টায়ার জ্বালিয়ে, গাছ ফেলে ও ককটেল ফাটিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা। পরে পুলিশ গেলে তারা পালিয়ে যায়। এরপর গাছের গুঁড়ি সরিয়ে ফেলা হলে স্বাভাবিক হয় পরিস্থিতি।
এম সি




