সংগৃহিত
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পেছনে যারা জড়িত তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি প্রশাসনকে ছিনতাইকারী ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
শনিবার সকালে সিলেট নগরীর মির্জাজাঙ্গালের মণিপুরী রাজবাড়িতে আয়োজিত হালি উৎসবে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই সিলেটে কোনোভাবেই এসব অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। তিনি বলেন, 'আমরা একটি নিরাপদ সিলেট গড়ে তুলতে চাই।'
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সিলেট গড়ে তুলতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কেউ উদ্দেশ্যমূলকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।
তিনি আরও বলেন, মণিপুরী সম্প্রদায়ের মানুষ দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান এ সম্প্রদায়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন, যার ধারা এখনও অব্যাহত রয়েছে।
একাডেমি ফর মণিপুরী কালচার অ্যান্ড আর্টসের সভাপতি দিগন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য দেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ভারতের মণিপুর স্টেট কালা একাডেমির ইলাংবাম জয় সিংহ, সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার সিংহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য এবং ভারতীয় সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া প্রমুখ।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




