সংগৃহিত
পবিত্র রমজান মাসের শেষভাগে নফল ইবাদতে মনোনিবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এই আত্মিক যাত্রা শুরুর আগে তিনি নিজের অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে ভবিষ্যতে ‘অপ্রয়োজনীয়’ কথাবার্তা এড়িয়ে চলার প্রতিশ্রুতি দিয়েছেন।
বুধবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। সেখানে তিনি লেখেন, তার কোনো কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন এবং সবার দোয়া, ভালোবাসা ও পরামর্শকে নিজের পথচলার শক্তি হিসেবে দেখছেন।
রমজানের শুরু থেকেই দেশের বিভিন্ন জেলায় ঘুরে তারাবিহ নামাজ আদায় করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সর্বশেষ ধানমন্ডির তাকওয়া মসজিদে কিয়ামুল লাইলের মাধ্যমে তিনি তার আত্মিক সাধনার নতুন ধাপ শুরু করেছেন বলেও পোস্টে উল্লেখ করেন।
তিনি আরও জানান, গত কয়েক দিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি ও সহযোদ্ধাদের সঙ্গে আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ পেয়েছেন। এসব পরামর্শের মধ্যে রয়েছে ব্যক্তিগত আক্রমণ পরিহার, অপ্রয়োজনীয় বক্তব্য থেকে বিরত থাকা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়া।
এসব দিকনির্দেশনা গ্রহণ করে ভবিষ্যতে আরও শান্ত ও দায়িত্বশীলভাবে রাজনীতি করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতিতে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাওয়ার অঙ্গীকারও করেন এই তরুণ রাজনীতিক।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




