সংগৃহিত
সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরেক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউতে মারা যায় পাঁচ মাস বয়সী আরিশা। বিষয়টি বৃহস্পতিবার (৯ এপ্রিল) তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, আরিশা সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা ইব্রাহিম মিয়ার মেয়ে। তার রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, তবে এখনো ফলাফল পাওয়া যায়নি বলে জানিয়েছেন হাসপাতালের উপপরিচালক মাহবুবুল আলম।
এর আগে গত সোমবার একই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চার মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয়েছিল।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুইজনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে। এর মধ্যে সিলেটে ১০ জন, মৌলভীবাজারে ১২ জন, সুনামগঞ্জে ১১ জন এবং হবিগঞ্জে ৬ জন (যাদের মধ্যে ২ জন রুবেলা আক্রান্ত)।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। বর্তমানে বিভাগে হাম সন্দেহে মোট ১০১ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৬ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন ভর্তি রয়েছেন।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




