বন্ধুর কুড়ালের আ*ঘাতে যুবক নি*হত
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১০ AM

বিশ্বনাথে পাওনা টাকা চাইতে গিয়ে

বন্ধুর কুড়ালের আ*ঘাতে যুবক নি*হত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৪/২০২৬ ০২:১৫:১৫ AM

বন্ধুর কুড়ালের আ*ঘাতে যুবক নি*হত

ছবি:সংগৃহীত


বিশ্বনাথ উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে বন্ধুর কুড়ালের আঘাতে শাহ আলম নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) বিকাল আড়াইটার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের ধলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাহ আলম ও অভিযুক্ত মিজানুর রহমানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। সেই সূত্রে তাদের মধ্যে আর্থিক লেনদেনও চলমান ছিল। ঘটনার দিন শাহ আলম পাওনা টাকা চাইতে মিজানুরের বাড়িতে গেলে এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মিজানুর বাড়ির সামনে রাস্তায় শাহ আলমকে কুড়াল দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শাহ আলমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা বৈরাগীবাজার এলাকা থেকে অভিযুক্ত মিজানুর রহমানকে আটক করে তার বাড়িতে নিয়ে আটকে রাখে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যায় ব্যবহৃত কুড়ালসহ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

অভিযুক্ত মিজানুর রহমান ধলিপাড়া গ্রামের দলিল লেখক বশির উদ্দিনের ছেলে। নিহত শাহ আলম পার্শ্ববর্তী খাজাঞ্চী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের ছিফত উল্লাহ’র ছেলে।

নিহতের মা আনোয়ারা বেগম অভিযোগ করে বলেন, “আমার ছেলে মিজানুরের কাছে টাকা পেত। সেই টাকা চাইতে গিয়ে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠ বিচার চাই।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ