সিলেটের বিশ্বনাথে রাস্তার পাশ থেকে এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ এপ্রিল) রাতে বিশ্বনাথ থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করেছে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, রবিবার রাতে নবজাতককে বিশ্বনাথের লামাকাজী-রামপাশা রোডের ধলি পাড়া গ্রাম সংলগ্ন পিছের মুখ নামক স্থান থেকে উদ্ধার করে পুলিশ। কে বা কারা শিশুটিকে রাস্তার পাশে ফেলে রেখে গেছে। রাস্তার পাশে পড়ে থাকা নবজাতককে দেখতে পেয়ে একজন অটোরিকশার চালক বিষয়টি ফোনে পুলিশকে অবগত করেন। পরে সঙ্গীয় ফোর্সসহ ওসি ঘটনাস্থলে গিয়ে নবজাতক কন্যাশিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুনির্মল বিশ্বাস জানিয়েছেন, নবজাতক শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বয়স আজ দুই দিন হলো। জন্মের পরপরই তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা সমাজসেবা দপ্তরকে অবহিত করা হয়েছে। শিশুটিকে সমাজসেবা দপ্তরে হস্তান্তর করা হবে।
জৈন্তা বার্তা/আরআর




