সংগৃহিত
বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ উপলক্ষে সিলেট নগরজুড়ে আজ ছড়িয়ে পড়বে উৎসবের আবহ। নববর্ষ ১৪৩৩ বরণে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক উদ্যোগে দিনভর আয়োজন করা হয়েছে গান, নৃত্য, আবৃত্তি, শোভাযাত্রা ও বৈশাখী উৎসব।
সকাল থেকে নগরের বিভিন্ন প্রাঙ্গণে শুরু হবে বর্ষবরণের অনুষ্ঠান। শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে ‘আনন্দলোক’ আয়োজন করবে সাংস্কৃতিক পরিবেশনা। ব্লু বার্ড স্কুল মাঠে ‘শ্রুতি, সিলেট’ দিনব্যাপী অনুষ্ঠান পরিচালনা করবে। চৌহাট্টার লোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয় মাঠে ‘চারণ, সিলেট’ আয়োজন করছে বৈশাখী উৎসব।
কুমারপাড়ার সিলেট আর্টস কলেজ প্রাঙ্গণে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে দিনের কর্মসূচি। পরে সেখানে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা ও চিত্রপ্রদর্শনী।
নগরের শিক্ষাঙ্গনেও থাকছে উৎসবের আমেজ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মুরারিচাঁদ কলেজ-এ শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বিশেষ অনুষ্ঠান।
মুরারিচাঁদ কলেজে চলমান তিন দিনব্যাপী বইমেলাও আজ জমে উঠবে। মুরারিচাঁদ কবিতা পরিষদ-এর আয়োজনে অনুষ্ঠিত এই মেলায় ১৬টি স্টলে বই বিক্রির পাশাপাশি থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। এতে অংশ নেবে থিয়েটার মুরারিচাঁদ, মোহনা সাংস্কৃতিক সংগঠন, ছন্দ নৃত্যালয়, এনডিএফ বিডি সিলেটসহ বিভিন্ন সংগঠন।
এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে নগরের মালঞ্চ কমিউনিটি সেন্টারে রোটারি ইন্টারন্যাশনাল-এর রিপশা টিমের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে গান, নৃত্য, কবিতা, নাটিকা, ফ্যাশন শো এবং পান্তা-ইলিশসহ ঐতিহ্যবাহী খাবারের আয়োজন থাকবে।
এদিকে কথাকলি সিলেট সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করেছে আনন্দ আড্ডা।গান, আবৃত্তি ও আপ্যায়নের মাধ্যমে আনন্দ আড্ডায় মিলিত হবে সংগঠনের নাট্য কর্মীরা।
এর আগে চৈত্রসংক্রান্তির বিকেলে চাঁদনীঘাটে বর্ষবিদায়ের আয়োজন করে সম্মিলিত নাট্য পরিষদ, যেখানে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠন।
নববর্ষ উদযাপন নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্য ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে দায়িত্ব পালন করবেন।
সব মিলিয়ে আজকের পহেলা বৈশাখে সিলেটজুড়ে উৎসব, ঐতিহ্য ও সম্প্রীতির এক প্রাণবন্ত মিলনমেলা অনুষ্ঠিত হবে।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




