সংগৃহিত
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ উৎসব পালন করা হয়।
নববর্ষ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলা কমপ্লেক্স থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা অডিটরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা নৃত্য ও বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
এছাড়া উপজেলা কমপ্লেক্সের ভেতরে অবস্থিত প্রতিবন্ধী বিদ্যালয়ে খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে গোলাপগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন সম্পন্ন হয়।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




