সংগৃহীত
সিলেট বিভাগে হাম সন্দেহে গত ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। একই সময়ে নতুন করে ২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, মারা যাওয়া তিন শিশুর মধ্যে সিলেটের জালালাবাদ এলাকার ৯ মাস বয়সী হুমায়রা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ছাড়া সুনামগঞ্জের দিরাই উপজেলার ১০ মাস বয়সী আরিফ ও ৫ মাস বয়সী তউফিক এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। জেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হবিগঞ্জে ৭ জন (এর মধ্যে ২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৫ জন, সুনামগঞ্জে ৩২ জন এবং সিলেট জেলার ২৬ জন।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২০ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, মৌলভীবাজার সদর হাসপাতালপ ৫ জন এবং শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১ জন রোগী ভর্তি রয়েছেন।
বর্তমানে বিভাগজুড়ে মোট ১৬৯ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে: ৯০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ২২ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৩ জন ও অন্যান্য উপজেলা ও বেসরকারি হাসপাতালে বাকিরা চিকিৎসাধীন।চলতি বছরে সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে ৮ শিশুর। এদের মধ্যে একজনের শরীরে হামের সংক্রমণ ধরা পড়েছে।
জৈন্তাবার্তা/সুলতানা




