নিজস্ব
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কুশিয়ারা জনপদের বাদেপাশা ইউনিয়নের বাগলা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলহাজ্ব ময়না মিয়া স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আলী আহমদের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ভূমিদাতা সোনা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জুবায়ের আহমদ।
অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক লুৎফুর রহমান, মিনহাজ উদ্দিন, জয়নাল আবেদীন, মিফতাহ উদ্দিন, সুবোধ চন্দ্র দাস, বাগলা বাজার বণিক সমিতির সভাপতি লোকমান আহমদ লকুছ, প্রধান শিক্ষক আশুতোষ দাস, সেলিম উদ্দিন, মোঃ আব্দুল কুদ্দুছ, জিল্লুর রহমান, মোঃ কুনু মিয়া, আব্দুল হান্নান, নিশিকান্ত দাস ও আবুল হোসেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম মোহাম্মদ আজাদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজকর্মী তাজউদ্দীন, ইউপি সদস্য নাজির হোসেন রাসেল এবং ডাক্তার ওয়াহিদুজ্জামান লিটন।
অনুষ্ঠানে মোট ১৪ জন কৃতি শিক্ষার্থীর মধ্যে নগদ অর্থ ও সনদ বিতরণ করা হয়। এর মধ্যে প্রথম গ্রেডে ২ জন, দ্বিতীয় গ্রেডে ৭ জন এবং তৃতীয় গ্রেডে ৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এ ধরনের বৃত্তি কার্যক্রম তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগাবে।
জৈন্তাবার্তা/সুলতানা




