সংগৃহিত
সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
মামলা দায়েরের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনা হয়। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১২টার দিকে শায়েস্তাগঞ্জ থানাধীন ব্রাহ্মণডোরা ইউনিয়নের অলিপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পুটিয়া এলাকার জিয়াউর রহমান ওরফে এনাম (২৮) এবং কাজল মিয়া (৩০)।
র্যাব সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী আহমদপুর এলাকার বাসিন্দা। তিনি অলিপুর এলাকায় ভাড়া বাসায় থেকে বিভিন্ন বাড়িতে কাজ করে সন্তানদের লালন-পালন করতেন। গত ২৩ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে পিতার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে অলিপুর টমটম স্ট্যান্ডে অপেক্ষা করছিলেন তিনি।
এ সময় পূর্বপরিচিত কয়েকজন তাকে কৌশলে একটি গাড়িতে তুলে নেয়। পরে নির্জন স্থানে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। ঘটনার পর তাকে এক অভিযুক্তের বাড়িতে আটকে রাখা হয়।
পরদিন ভোরে সুযোগ বুঝে পালিয়ে এসে ভুক্তভোগী নিজেই শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




