সীমিত আকারে পাথর কোয়ারি ইজারার চিন্তা সরকারের
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৫৩ PM

পরিবেশ সুরক্ষা

সীমিত আকারে পাথর কোয়ারি ইজারার চিন্তা সরকারের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৫/২০২৬ ০৭:১৭:০০ PM

সীমিত আকারে পাথর কোয়ারি ইজারার চিন্তা সরকারের

সংগৃহিত


সিলেট ও সুনামগঞ্জের পাথর এবং বালুমিশ্রিত পাথর কোয়ারিগুলো পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করে সীমিত পরিসরে ইজারা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সমন্বিত জরিপ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরিপ কার্যক্রম তদারকির জন্য সিলেট বিভাগীয় কমিশনারকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হচ্ছে।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে ‘সিলেট বিভাগের পাথর ও বালুমিশ্রিত পাথর কোয়ারির সর্বশেষ অবস্থা ও করণীয়’ শীর্ষক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।

মন্ত্রী বলেন, সিলেট ও সুনামগঞ্জে পাথর আহরণ নিয়ে সম্প্রতি একাধিক বৈঠকে পরিবেশগত বিষয়, আদালতের নির্দেশনা এবং পর্যটন এলাকা সংরক্ষণের বিষয়কে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ও সংরক্ষিত অঞ্চলগুলো বাদ রেখে কোথায় সীমিত আকারে পাথর উত্তোলন করা যেতে পারে, তা নির্ধারণে কাজ করবে কমিটি।

তিনি জানান, জাফলংয়ের মতো সংরক্ষিত এলাকা বাদ দিয়ে অন্যান্য স্থানে পরিবেশ রক্ষা করে কীভাবে পাথর উত্তোলন করা যায়, সে বিষয়ে একটি সমন্বিত জরিপ পরিচালনা করা হবে।

গঠিত কমিটিতে সিলেট ও সুনামগঞ্জের জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর, পানি সম্পদ মন্ত্রণালয়, জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশের প্রতিনিধি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর একজন অধ্যাপক, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং দুই জেলার পুলিশ সুপার সদস্য হিসেবে থাকবেন। প্রয়োজনে বিশেষজ্ঞও যুক্ত করা যাবে।

মন্ত্রী আরও বলেন, কমিটি সরেজমিনে বিভিন্ন এলাকা পরিদর্শন করবে। বিশেষ করে সীমান্তবর্তী নদীগুলোতে পাথর ও বালি জমে পানিপ্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে কি না এবং নদীভাঙনের কারণে সীমান্ত পরিবর্তনের ঝুঁকি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে কত গভীরতা পর্যন্ত পাথর উত্তোলন করলে পরিবেশের ক্ষতি কম হবে, সে বিষয়েও সুপারিশ দেবে কমিটি।

পর্যটননির্ভর এলাকা যেমন বিছানাকান্দি, ভোলাগঞ্জ ও সাদা পাথর সংরক্ষণের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। এসব এলাকায় পর্যটনের পরিবেশ অক্ষুণ্ন রাখতে করণীয়ও সুপারিশ করবে কমিটি।

এছাড়া পাথর লুটপাট, অবৈধ উত্তোলন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই জেলার পুলিশ সুপারকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাথর আহরণ, পরিবেশ সংরক্ষণ এবং আইনশৃঙ্খলা—সব বিষয় বিবেচনায় রেখে সরকার নীতিগত সিদ্ধান্ত নিতে চায়। চলতি মাসের শেষ নাগাদ কমিটির প্রতিবেদন পাওয়া যেতে পারে। এরপর জুনের প্রথম সপ্তাহে এ বিষয়ে আবারও বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, বিভিন্ন পাথর কোয়ারি নিয়ে হাইকোর্ট বিভাগের একাধিক আদেশ ও রায় রয়েছে এবং একটি মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। এ ছাড়া অন্যান্য মামলার তথ্য সংগ্রহে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয় ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে মামলাগুলোর নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। তবে সরকার আইন ও আদালতের নির্দেশনা মেনেই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

অলস শিল্পপ্রতিষ্ঠান হবে বিনিয়োগ ও কর্মসংস্থানের কেন্দ্র : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
সীমিত আকারে পাথর কোয়ারি ইজারার চিন্তা সরকারের
হবিগঞ্জে নি-খোঁজ কৃষকের লা-শ ভেসে উঠলো হাওরে
মাধবপুরে প্রধান শিক্ষকের বি-রুদ্ধে অননুমোদিত অনুপস্থিতির অ-ভিযোগ
সুনামগঞ্জ-জগন্নাথপুর মহাসড়কে ডা-কাতি
জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
শিশু ধর্ষ*ক মাদরাসা শিক্ষকের দৃষ্টান্তমূলক শা*স্তি দাবি
সুনামগঞ্জে অপ্রা*প্তবয়স্ক প্রেমিক যুগল আট*ক, অভিভাবকের সন্ধানে পুলিশ
শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলার বিকল্প নেই - তাহসিনা রুশদীর লুনা এমপি
পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনায় মৌলিক পরিবর্তন জরুরি