ছবি: জৈন্তা বার্তা
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, দক্ষিণ সুরমা সিলেটের একটি ঐতিহ্যবাহী জনপদ। এ অঞ্চলের কৃষ্টি-সংস্কৃতি, রাজনীতি, সাহিত্য, সামাজিকতা ও সাংবাদিকতায় মানুষের অবদান দীর্ঘদিনের। সেই ধারাবাহিকতায় দক্ষিণ সুরমার পেশাদার সাংবাদিকদের সংগঠন দক্ষিণ সুরমা প্রেসক্লাব স্থানীয় মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, সাংবাদিকতার ঐতিহ্য ও পেশাদারিত্ব রক্ষায় দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ভূমিকা ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ থাকবে। পাশাপাশি সরকারি খাসজমি পাওয়া সাপেক্ষে প্রেসক্লাবের জন্য একটি নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
বৃহস্পতিবার (৭ মে) সকালে দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হল-এ আয়োজিত দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ২০ বছরপূর্তি উদযাপন ও প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দক্ষিণ সুরমা প্রেসক্লাব-এর সভাপতি আশরাফুল ইসলাম ইমরান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রেজাউল হাসান কয়েছ লোদী।
তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা এবং পেশাদার সাংবাদিকতার বিকাশে দক্ষিণ সুরমা প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি উল্লেখ করেন, একসময় সিলেটে হাতে গোনা কয়েকজন সাংবাদিক থাকলেও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতারা ছিলেন সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রেসক্লাবের নিজস্ব ভবন না হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে স্থানীয় সংসদ সদস্যদের প্রচেষ্টায় প্রেসক্লাব নিজস্ব জায়গায় ভবন পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী তাজরুল ইসলাম তাজুল, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবেদ রাজা, নুরজাহান মহিলা মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আলম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আফতাব উদ্দিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী ও প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জাবেদ এমরান।
এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, প্রেসক্লাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




