ছবি:সংগৃহীত
আর্তমানবতার সেবায় রেড ক্রিসেন্ট বিশ্বজুড়ে আস্থার প্রতীক : আবুল কাহের চৌধুরী শামীম
সিলেটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট নানা কর্মসূচির আয়োজন করে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে সিলেট জেলা পরিষদের হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আবুল কাহের চৌধুরী শামীম।
তিনি বলেন, দুর্যোগ মোকাবিলা, রক্তদান ও আর্তমানবতার সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটি বিশ্বজুড়ে আস্থার প্রতীক হিসেবে কাজ করছে। বিশেষ করে সিলেটে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সময় সংগঠনটির স্বেচ্ছাসেবকরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
তিনি আরও বলেন, সিলেট জেলা ও মহানগরীর সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা ও জরুরি সহায়তা পৌঁছে দিতে রেড ক্রিসেন্ট ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও এ সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট-এর সেক্রেটারি ভিপি মাহবুবুল হক চৌধুরী-এর সভাপতিত্বে এবং কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন সামন-এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন কার্যনির্বাহী সদস্য নির্ঝর রায়, কামরুজ্জামান দীপু, আবু সাঈদ, পারভেজ আহমদ, তাহমিনা হাসান চৌধুরী, সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন, রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার, মুজিব জাহান রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংকের পরিচালক ডা. তৌহিদ চৌধুরী, যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির এবং সাবেক যুব প্রধান এনামুল হক চৌধুরী সোহেল প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে পলাশ গুণ ইউনিটসহ যুব স্বেচ্ছাসেবক, রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় সারদা হলস্থ ইউনিট কার্যালয়ে জাতীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয়। পরে মানবপ্রাচীর, স্বেচ্ছায় ভ্রাম্যমাণ রক্তদান কর্মসূচি এবং মাতৃমঙ্গল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




