ছবি:সংগৃহীত
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিজ্ঞান গবেষণায় ব্যর্থতা বলে কিছু নেই। গবেষণার প্রতিটি ধাপ থেকেই নতুন জ্ঞান ও অভিজ্ঞতার সৃষ্টি হয়, যা ভবিষ্যতের উদ্ভাবন ও উন্নয়নের পথকে আরও সমৃদ্ধ করে।
শুক্রবার (১৫ মে) সিলেট জেলা স্টেডিয়াম-এর মোহাম্মদ আলী জিমনেসিয়ামে আয়োজিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একটি দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি হচ্ছে জ্ঞানভিত্তিক সমাজ ও গবেষণা। তিনি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণার উদাহরণ তুলে ধরে বলেন, গবেষণা ও উদ্ভাবনই একটি দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে।
তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আরও উৎসাহিত করতে শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাহসী চিন্তা, সৃজনশীলতা ও উদ্ভাবনী মানসিকতার প্রশংসা করেন।
খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, দেশের বিভিন্ন সমস্যার সমাধান দেশীয় গবেষণার মাধ্যমেই বের করে আনতে হবে। তিনি ডায়রিয়া প্রতিরোধে খাবার স্যালাইনের উদ্ভাবন এবং পেঁয়াজ ও আলু সংরক্ষণে দেশীয় প্রযুক্তি ব্যবহারের উদাহরণ তুলে ধরে বলেন, বাস্তব চাহিদা থেকেই এসব উদ্ভাবনের জন্ম হয়েছে এবং এগুলো গবেষণার সফল প্রয়োগের দৃষ্টান্ত।
তিনি বলেন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিজ্ঞানচর্চা এবং বিজ্ঞান মেলার আয়োজন নিয়মিত অব্যাহত থাকলে নতুন প্রজন্মের মধ্যে উদ্ভাবনী চিন্তার বিকাশ আরও বাড়বে।
মো. মশিউর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য এম এ মালিক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য ড. এসএম সরওয়ারউদ্দিন চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য ড. মো. আলিমুল ইসলাম, আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মো. আনোয়ারুল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান। এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মন্ত্রী সিলেট জেলা পর্যায়ে “নতুন কুঁড়ি স্পোর্টস”-এর বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




