ছবি:সংগৃহীত
পশ্চিমবঙ্গে মু*সলমানদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরী শাখা। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ওয়াশিংটনের বাণিজ্য চুক্তি বাতিলেরও দাবি জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (১৫ মে) বাদ জুমা বন্দরবাজার জামে মসজিদ থেকে জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের পর মুসলমানদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা মানবতাবিরোধী। তারা বলেন, উপমহাদেশের ইতিহাসে মুসলমানরা দীর্ঘ সময় শাসন করলেও ধর্মীয় বৈষম্যের নজির সৃষ্টি হয়নি। বরং ব্রিটিশবিরোধী আন্দোলনে হিন্দু-মুসলমান ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে স্বাধীনতার পথ সুগম হয়েছিল।
বক্তারা আরও বলেন, বর্তমানে ভারতের মুসলমানরা বিভিন্ন ইস্যুতে নির্যাতনের শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা দাবি করেন, পৃথিবীর যেকোনো প্রান্তে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোই জমিয়তের নীতিগত অবস্থান।
সমাবেশ থেকে বাংলাদেশ সরকারের প্রতি ভারতের মুসলমানদের নিরাপত্তার বিষয়ে কূটনৈতিকভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এছাড়া গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ওয়াশিংটনের সম্পাদিত বাণিজ্য চুক্তিকে দেশবিরোধী ও সার্বভৌমত্ববিরোধী আখ্যা দিয়ে তা দ্রুত বাতিলের দাবি জানান বক্তারা। তারা অভিযোগ করেন, চুক্তিটি জনসম্মুখে প্রকাশ না করে তড়িঘড়ি করে সম্পাদন করা হয়েছে। এ বিষয়ে সরকার ও বিরোধী দলের নীরবতায় উদ্বেগ প্রকাশ করেন তারা।
মাওলানা নিজাম উদ্দিন-এর সভাপতিত্বে সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালেক চৌধুরী।
মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান-এর পরিচালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান, কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, দক্ষিণ জেলা সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, উত্তর জেলা সহ-সভাপতি মাওলানা অলিউর রহমান, মহানগর সহ-সভাপতি মাওলানা মজিবুর রহমান কাসেমী, মাওলানা সৈয়দ শামীম আহমদ, মহানগর যুগ্ম সম্পাদক মাওলানা সদরুল আমিন, মহানগর সহ-সম্পাদক মাওলানা সলিম কাসেমীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




