ছবি:সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাটে নিউ স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের কাকুনাখাই খলা ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় রাজবাড়ী কান্দি ফুটবল একাদশ ও নিউ স্টার স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় টাইব্রেকারে গড়ায়। পরে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে রাজবাড়ী কান্দি ফুটবল একাদশকে পরাজিত করে নিউ স্টার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বিশিষ্ট মুরব্বি মাষ্টার আবুল হোসেনের সভাপতিত্বে এবং যুবনেতা অলিউর রহমান মুন্নার পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এবং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মনজুর আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এখলাছুর রহমান, তরুণ সমাজসেবী মুস্তাক আহমদ, শাহজাহান, টুনুমিয়া, মুজম্মিল আলী, শরীফ উদ্দিন, আব্দুল্লাহ সায়েফ, মুক্তার, মারুফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল খেলাকে ঘিরে মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এমন আয়োজন অব্যাহত থাকবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




