প্রধানমন্ত্রীর সিলেট-মৌলভীবাজার সফর ঘিরে উৎসবের আমেজ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৫৫ PM

প্রস্তুত প্রশাসন ও নেতাকর্মীরা

প্রধানমন্ত্রীর সিলেট-মৌলভীবাজার সফর ঘিরে উৎসবের আমেজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৬/২০২৬ ০৯:২৪:২৪ PM

প্রধানমন্ত্রীর সিলেট-মৌলভীবাজার সফর ঘিরে উৎসবের আমেজ

ছবি:সংগৃহীত


বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয়বারের মতো সিলেট বিভাগ সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আগমনকে ঘিরে সিলেট ও মৌলভীবাজারজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সফর সফল করতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

আগামীকাল বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী সকাল ১০টা ১৫ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে যাত্রা করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। এ সময় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

পরে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

সফরসূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৩টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুসাই রিসোর্টের উদ্দেশে রওনা হয়ে বিকেল ৩টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছাবেন তিনি। পরে বিকেল ৪টা ৪৫ মিনিটে দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় অংশ নেবেন।

রাজনৈতিক সভা শেষে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। রাত সাড়ে ৮টায় বিমানবন্দরে পৌঁছে রাত ৯টা ২০ মিনিটে ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। সড়ক সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, সমাবেশস্থল প্রস্তুতসহ বিভিন্ন কাজ চলছে। পাশাপাশি জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সফরকে সফল করতে মাঠপর্যায়ে চলছে নানা কর্মসূচি ও প্রস্তুতি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ