ছবি:সংগৃহীত
সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের সিলগালা করা ডেগ ও প্রশাসনের তত্ত্বাবধানে থাকা দানবাক্সের অর্থ প্রথমবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়েছে। গণনায় নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা এবং ৭ আনা স্বর্ণ পাওয়া গেছে।
পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও ৫ লাখ টাকা যোগ করে মোট ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা হযরত শাহজালাল (রহ.) মাজারের নামে সোনালী ব্যাংকের হিসাবে জমা করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
তবে মাজারের নামে ব্যাংক হিসাব খোলা এবং সেখানে অর্থ জমা দেওয়ার বিষয়ে মাজার কর্তৃপক্ষ অবগত নয় বলে জানিয়েছে।
এর আগে সোমবার (২২ জুন) জোহরের নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রশাসনের তত্ত্বাবধানে মাজারের সিলগালা করা তিনটি ডেগ এবং বড়-ছোট কয়েকটি দানবাক্স খুলে অর্থ গণনা করা হয়। দীর্ঘ সময় ধরে চলা এ কার্যক্রম শেষে এসব অর্থ ও স্বর্ণ পাওয়া যায়।
জেলা প্রশাসন সূত্র জানায়, মাজারের অর্থের স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) মাজারের নামে সোনালী ব্যাংকে একটি হিসাব খোলা হয়েছে। গণনায় পাওয়া অর্থের সঙ্গে জেলা প্রশাসনের দেওয়া ৫ লাখ টাকা যুক্ত করে ওই হিসাবে মোট ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা জমা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন জানান, মাজারের নামে খোলা ব্যাংক হিসাবে গণনায় পাওয়া অর্থের সঙ্গে জেলা প্রশাসনের দেওয়া ৫ লাখ টাকা যোগ করা হয়েছে।
তিনি বলেন, ‘সব মিলিয়ে বর্তমানে হিসাবে ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা জমা রয়েছে।’
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




