ছবি:সংগৃহীত
সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৪২ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরাসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৪ জুন) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটে এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) মো. আতিকুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বড়শলা এলাকায় অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করছিলেন।
এ সময় কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরগামী একটি কাভার্ড ভ্যান (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ন-১৯-৫৩৯৩) তল্লাশি করে পুলিশ। পরে গাড়িটি থেকে ২০০ বস্তায় থাকা ৬ হাজার কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক আলীম উদ্দিন (৩০), পিতা-মৃত হাবিবুর রহমান, মাতা-মনোয়ারা বেগম, সাং-কামাইত বড়ইতলা, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেটকে আটক করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় রুজু করা হয়েছে। গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




