সংগৃহীত
নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বাসের চাকায় পিষ্ট হয়ে এনামুল হক (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে উপজেলার রয়না ভরট হাট এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত এনামুল হক মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওর গ্রামের শেখ সাদীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভ্রমণ শেষে বন্ধুদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন এনামুল হক। রোববার বিকেলে রয়না ভরট হাট এলাকায় পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জৈন্তাবার্তা/সুলতানা




