সিলেটে ব'জ্রসহ ভারী বৃষ্টির আভাস
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৩৯ PM

সিলেটে ব'জ্রসহ ভারী বৃষ্টির আভাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৭/২০২৬ ০২:০৮:২৬ PM

সিলেটে ব'জ্রসহ ভারী বৃষ্টির আভাস

প্রতীকী ছবি


সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্তে আগামী কয়েকদিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

বুধবার (১ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার নিয়মিত বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে আছে। বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সতর্কতাও দেওয়া হয়েছে। এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী কয়েক দিনের আবহাওয়া পর্যালোচনায় দেখা গেছে, বৃহস্পতিবার ও শুক্রবারও সিলেটসহ ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনা বিভাগে বৃষ্টির এই প্রবণতা বজায় থাকবে। বিশেষ করে শুক্রবার দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। শনিবার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমলেও রোববার থেকে সিলেট বিভাগে আবারও বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকতে পারে, যা জনজীবনে স্বস্তি আনার পাশাপাশি নিচু এলাকায় জলাবদ্ধতারও কারণ হতে পারে।

জৈন্তাবার্তা/আরআর