ছবি:সংগৃহীত
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ‘জীবনের একমাত্র লক্ষ্য মানুষের সেবা করা। সবার সহযোগিতা নিয়ে আগামী পাঁচ বছরে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই।’
শুক্রবার (৩ জুলাই) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, গত ১২ ফেব্রুয়ারি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের সর্বস্তরের মানুষ যে ভালোবাসা ও আস্থা তাঁর ওপর রেখেছেন, সে জন্য তিনি আজীবন কৃতজ্ঞ থাকবেন। জনগণের যেকোনো প্রয়োজনে তিনি পাশে থাকবেন উল্লেখ করে তিনি দল-মত নির্বিশেষে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
হেতিমগঞ্জ জামে মসজিদের মোতাওয়াল্লি ময়নুল ইসলাম জুলফুর সভাপতিত্বে এবং সিলেট জেলা জিয়া সংসদের সহ-সভাপতি জুবের আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমদাদ হোসেন চৌধুরী টিপু, জেলা বিএনপির সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, বিশিষ্ট মুরব্বি আব্দুল মতিন, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু, ফ্রান্সপ্রবাসী সুফিয়ান আহমদ এবং অ্যাডভোকেট লুৎফুর রহমান।
এ ছাড়া বক্তব্য দেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য মোস্তাক আহমদ ও যুবনেতা সুজন আহমদ খান।
বক্তারা বলেন, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে তাঁর নিরলস প্রচেষ্টায় গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষ উপকৃত হচ্ছে। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে তিনি সবার জন্য কাজ করে যাচ্ছেন বলেও তারা মন্তব্য করেন।
এদিকে, জাতীয় সংসদের অধিবেশন মুলতবি হওয়ার পরপরই নিজ নির্বাচনী এলাকায় এসে উন্নয়ন কর্মকাণ্ড তদারকিতে ব্যস্ত সময় পার করছেন এমপি এমরান আহমদ চৌধুরী। বুধবার ও বৃহস্পতিবার তিনি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এর মধ্যে বিয়ানীবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শহীদ টিলা সড়ক ও ড্রেন নির্মাণকাজ এবং শেওলা ইউনিয়নের কাকরদি গ্রামে কুশিয়ারা নদীর ভাঙন প্রতিরোধ প্রকল্প পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি উন্নয়নকাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলো সম্পন্ন করার নির্দেশনা দেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




