সমন্বিত উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৪৫ PM

সিলেটে একাধিক কর্মসূচি

সমন্বিত উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৭/২০২৬ ০৭:৫৩:১৪ PM

সমন্বিত উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির

ছবি:সংগৃহীত


সিলেটে দুই দিনে ধারাবাহিকভাবে সরকারি, উন্নয়নমূলক, স্বাস্থ্য ও রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকারের লক্ষ্য হচ্ছে মানুষের জীবনমান উন্নয়ন, দুর্যোগ-সহনশীল অবকাঠামো নির্মাণ, স্বাস্থ্যসেবার আধুনিকায়ন, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সিলেট মহানগরের দীর্ঘদিনের নাগরিক সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করা। তিনি বলেন, এসব লক্ষ্য অর্জনে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। একই সঙ্গে রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

শনিবার (৪ জুলাই) সিলেট সদরে জিআর চাল ও নগদ অর্থ বিতরণ, রাজারগাঁও জামিয়ুল উলুম মাদ্রাসা ও বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যখাতের সার্বিক কার্যক্রম পর্যালোচনা সভা এবং মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ডে নাগরিক মতবিনিময় সভা এবং শুক্রবার (৩ জুলাই) রাতে সিলেট সার্কিট হাউজে জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য মতবিনিময় সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্যোগ মোকাবিলায় টেকসই অবকাঠামো নির্মাণে সরকারের অগ্রাধিকার

সিলেট সদর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে জিআর চাল ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় টেকসই অবকাঠামো গড়ে তোলা। সামাজিক নিরাপত্তা, কৃষি, সেচ, যোগাযোগ ও দুর্যোগ ব্যবস্থাপনায় সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।

তিনি জানান, চলমান কর্মসূচির আওতায় প্রায় দুই হাজার উপকারভোগীকে ৩০ কেজি করে চাল এবং প্রায় ৭০০ জনকে জনপ্রতি এক হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হবে।

মন্ত্রী বলেন, রাজারগাঁও জামিয়ুল উলুম মাদ্রাসা ও বন্যা আশ্রয়কেন্দ্রের তিনতলা ভবনটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বন্যা ও অন্যান্য দুর্যোগে নিরাপদ আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। সেখানে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পৃথক কক্ষ, বাথরুম ও প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা রাখা হবে।

তিনি জানান, দুর্যোগ-সহনশীল অবকাঠামো নির্মাণে প্রায় ৮ কোটি ৭০ লাখ টাকার একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। পাশাপাশি সিলেট বিভাগের বিভিন্ন সড়কের উন্নয়ন, নতুন রাস্তা নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা ও টিউবওয়েল স্থাপনের জন্য প্রায় ৫ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। খাল পুনঃখননের মাধ্যমে সেচব্যবস্থা সম্প্রসারণ করে অনাবাদি জমিকে চাষাবাদের আওতায় আনার উদ্যোগও নেওয়া হয়েছে।

স্বাস্থ্যখাতে বরাদ্দের শতভাগ কার্যকর ব্যবহার নিশ্চিতের আহ্বান

পরে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় কার্যালয়ে অনুষ্ঠিত সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পর্যালোচনা সভায় মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। জাতীয় বাজেটে এ দুই খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। তবে শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, বরাদ্দের শতভাগ কার্যকরভাবে জনগণের কল্যাণে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই বাজেট প্রণয়ন করতে হলেও সরকার মানবসম্পদ উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। শিক্ষা ও স্বাস্থ্যই মানবসম্পদ উন্নয়নের প্রধান ভিত্তি। পরিকল্পনার দুর্বলতা দূর করে বাস্তবায়নে আন্তরিকতা বাড়াতে হবে।

মন্ত্রী আরও বলেন, সিলেটে স্বাস্থ্যখাতে বহু অবকাঠামো নির্মিত হলেও সবগুলো এখনো প্রত্যাশিতভাবে ব্যবহৃত হচ্ছে না। বিদ্যমান হাসপাতাল, ভবন ও অন্যান্য স্থাপনাকে জনগণের কার্যকর সেবায় কাজে লাগাতে হবে এবং সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধান নিশ্চিত করতে হবে।


জলাবদ্ধতা নিরসন ও বিশুদ্ধ পানির জন্য মহাপরিকল্পনা

শনিবার সন্ধ্যায় মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট মহানগরের জলাবদ্ধতা দূর করতে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, নগরীর প্রাকৃতিক খাল পুনঃখনন ও সচল করা, উত্তরাঞ্চলে নতুন রিটেনশন পন্ড নির্মাণ এবং দক্ষিণ সুরমাসহ প্রয়োজনীয় এলাকায় নতুন কৃত্রিম খাল খননের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বিশুদ্ধ পানির সংকট দূর করতে সমন্বিত প্রকল্প বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, পর্যায়ক্রমে এসব প্রকল্প বাস্তবায়িত হলে জলাবদ্ধতা, পানি নিষ্কাশন ও নিরাপদ পানির দীর্ঘদিনের সমস্যা অনেকাংশে দূর হবে এবং নগরবাসী এর সুফল ভোগ করবে।

সিলেটের উন্নয়নে সব রাজনৈতিক শক্তির সহযোগিতা কামনা

এর আগে শুক্রবার রাতে সিলেট সার্কিট হাউজে জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, সিলেটসহ দেশের উন্নয়নে তিনি সব রাজনৈতিক ও সামাজিক শক্তির সহযোগিতা চান।

তিনি গত নির্বাচনে জমিয়তের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, জোটকে আরও শক্তিশালী করতে জেলা ও মহানগরের দায়িত্বশীল নেতাদের নিয়ে শিগগিরই বৃহত্তর বৈঠক অনুষ্ঠিত হবে।

মন্ত্রী ছাত্র জমিয়তের সাবেক কর্মী হাফিজ সৈয়দ নাঈমের বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়ে উচ্চ আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার আশা প্রকাশ করেন।

তিনি বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি ও জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অতীতের গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া বিএনপি, জমিয়তসহ দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিগুলোর ঐক্য দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।

বিভিন্ন কর্মসূচিতে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

'কোনো প্র*তিকূল অবস্থাই জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না' - এমপি এমরান চৌধুরী
সমন্বিত উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
জৈন্তাপুরে ৪টি ভা'রতীয় এ'য়ারগান উ'দ্ধার
সিলেটসহ ৯ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শ'ঙ্কা
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই' - এমপি এমরান চৌধুরী
দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি