'প্রবাসীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব'- এমপি এমরান চৌধুরী
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:০৬ PM

গোলাপগঞ্জে দেশের প্রথম থানাভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ উদ্বোধন

'প্রবাসীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব'- এমপি এমরান চৌধুরী

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৭/২০২৬ ০৮:১৬:২৪ PM

'প্রবাসীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব'- এমপি এমরান চৌধুরী

ছবি:সংগৃহীত


প্রবাসীদের নিরাপত্তা, আইনি সহায়তা ও পুলিশি সেবা আরও সহজলভ্য করতে সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায় দেশের প্রথম উপজেলা বা থানাভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ চালু করা হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুর ১টায় আয়োজিত এক অনুষ্ঠানে সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ফিতা কেটে এই ব্যতিক্রমী সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, ‘প্রবাসীরা আমাদের অর্থনীতির চালিকাশক্তি। তাদের নিরাপত্তা ও আইনি অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। গোলাপগঞ্জ মডেল থানায় ‘প্রবাসী হেল্প ডেস্ক’ চালুর মাধ্যমে বিদেশে অবস্থানরত প্রবাসীরা দেশে না থেকেও তাদের বিভিন্ন সমস্যার দ্রুত আইনি সমাধান ও পুলিশি সহায়তা পাবেন। এটি সারা দেশের জন্য একটি অনুসরণযোগ্য উদ্যোগ।’

তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের অবদান অপরিসীম। তাই তাদের এবং দেশে অবস্থানরত পরিবারের সদস্যদের সেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। ভবিষ্যতে দেশের অন্যান্য উপজেলাতেও এ ধরনের সেবা চালু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক এবং অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম।

পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক বলেন, এই হেল্প ডেস্কের মাধ্যমে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের সদস্যরা অভিযোগ দায়ের, সাধারণ ডায়েরি (জিডি), মামলা-সংক্রান্ত তথ্য, আইনি পরামর্শসহ বিভিন্ন ধরনের পুলিশি সেবা দ্রুত ও সহজে গ্রহণ করতে পারবেন। পাশাপাশি প্রবাসীদের সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনের সঙ্গে কার্যকর সমন্বয় নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নার্জিস ও গোলাম কবির চৌধুরী শাহিন, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন চৌধুরী টিপু, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রবাসী প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম।

সংশ্লিষ্টরা জানান, এই হেল্প ডেস্কের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি এবং দেশে অবস্থানরত তাদের পরিবারের সদস্যরা সরাসরি ও সহজে পুলিশি সেবা গ্রহণ করতে পারবেন। এ লক্ষ্যে ০১৩২০-১১৭৮৯৬ নম্বরের একটি হটলাইন চালু করা হয়েছে, যা ২৪ ঘণ্টা খোলা থাকবে। দায়িত্বরত কর্মকর্তার মাধ্যমে ফোনেই প্রয়োজনীয় তথ্য, পরামর্শ ও সেবা প্রদান করা হবে।

দেশের মধ্যে উপজেলা বা থানা পর্যায়ে প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় স্থানীয় বাসিন্দা ও প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, গোলাপগঞ্জের এই উদ্যোগ দেশের অন্যান্য উপজেলাতেও প্রবাসীবান্ধব পুলিশি সেবা সম্প্রসারণে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জুনে সিলেটে ২৯ সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল ২৯ জ*নের, নি*হতদের মধ্যে ১২ জন পথচারী
'প্রবাসীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব'- এমপি এমরান চৌধুরী
সিলেটে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর সম্মানে ‘মিট অ্যান্ড গ্রিট’
সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট আবারও চালু
ওসমানীনগরে জমি দ'খল করে মার্কেট নির্মাণের অ'ভিযোগ
অ*ব্যবস্থাপনা আর জনবল সংকটে জনদু*র্ভোগ
বাউল-ফকির, সন্ন্যাসী ও মাজারে হা*মলার অ*ভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের
সোমবার শুরু হচ্ছে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট
'কোনো প্র*তিকূল অবস্থাই জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না' - এমপি এমরান চৌধুরী
সমন্বিত উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির