ছবি:সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিব আলীর পরিবারের হাতে সরকারি আর্থিক সহায়তা তুলে দিয়েছেন কুলাউড়া আসনের সংসদ সদস্য (এমপি) শওকতুল ইসলাম।
সোমবার (২০ জুলাই) বিকেলে নিহত মুজিব আলীর বাড়িতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের প্রতি সমবেদনা জানান এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।
এ সময় এমপি শওকতুল ইসলাম নিহতের স্ত্রী ও সন্তানদের হাতে কুলাউড়া সরকারি কলেজের সাবেক এজিএস শফি আহমদ দিনারের ব্যক্তিগত আর্থিক সহায়তা এবং স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিনের পাঠানো অর্থও তুলে দেন।
পরিবারের সদস্যদের সান্ত্বনা জানিয়ে তিনি বলেন, সীমান্তে নিরীহ বাংলাদেশি নাগরিকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। নিহত পরিবারের পাশে সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সহসভাপতি আব্দুল জলিল জামাল, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সাবেক সহসভাপতি আলমগীর ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক বকুল, স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওছার আহমদ নিপার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম রাজু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, সাংবাদিক মহি উদ্দিন রিপন, ইব্রাহিম আলী, ওয়াদুদ আহমদ, শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন আহমদ, সাধারণ সম্পাদক জামাল আহমদ, বিএনপি নেতা নেফুর আহমদ, শামসুল ইসলাম, হাজীপুর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব সুমন আহমদ, জাসাসের উপজেলা সদস্যসচিব সালমান হোসাইনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা।
উল্লেখ্য, গত ১২ জুন সন্ধ্যায় কুলাউড়ার দত্তগ্রাম সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত হন মুজিব আলী। পরে ১৪ জুন সন্ধ্যায় চাতলাপুর চেকপোস্টে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তার মরদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
ঘটনার পর সংসদ অধিবেশন চলাকালে বিষয়টি জানতে পেরে এমপি শওকতুল ইসলাম স্থানীয় বিএনপি নেতাদের নিহতের বাড়িতে পাঠিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানান।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ



