সংগৃহীত
ক্যাশলেস (নগদবিহীন) লেনদেন ব্যবস্থা জনপ্রিয় করতে এবং বাংলা কিউআর (Bangla QR) কোডের ব্যবহার বাড়াতে মৌলভীবাজারের বড়লেখায় সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।কেনাকাটা কিংবা ব্যবসায়িক লেনদেনে নগদ টাকা বহনের ঝামেলা কমিয়ে ডিজিটাল পদ্ধতিতে লেনদেনের অভ্যাস গড়ে তুলতে
মঙ্গলবার (৩ নভেম্বর) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির বড়লেখা শাখা এ আয়োজন করে।উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্য মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, দেশকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে এগিয়ে নিতে ক্যাশলেস লেনদেনের বিকল্প নেই। বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে গ্রাহকেরা সহজে, দ্রুত ও নিরাপদে আর্থিক লেনদেন করতে পারবেন। এতে নগদ টাকা বহনের ঝুঁকি ও লেনদেনের সময় কমবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। এ জন্য বাংলা কিউআর ব্যবহারের নিয়ম, সুবিধা ও নিরাপত্তা সম্পর্কে সচেতনতা তৈরিতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।অনুষ্ঠানে ইউসিবি বড়লেখা শাখার কর্মকর্তা দেবজ্যোতি পালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন শাখা ব্যবস্থাপক তানভীর আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সিন্ধু ভূষণ পাল, ইউসিবি পিএলসির হেড অব ডিজিটাল ব্যাংকিং অ্যান্ড ট্রান্সফরমেশন গোলাম ইয়াজদানী, সিলেট আঞ্চলিক প্রধান মোহাম্মদ নজরুল ইসলাম, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুস সবুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন ও বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত।এর আগে অতিথিরা বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। এতে বিভিন্ন ব্যাংক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ইউসিবি ও উপায়ের উদ্যোগে একটি স্টল স্থাপন করা হয়।সভায় বক্তারা ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তারা বলেন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, দোকানদার এবং সাধারণ গ্রাহকদের বাংলা কিউআর ব্যবহারে অভ্যস্ত করতে ব্যাংক কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা রাখতে হবে।অনুষ্ঠানে বাংলা কিউআর ব্যবহারের পদ্ধতি, লেনদেন প্রক্রিয়া এবং গ্রাহক ও ব্যবসায়ীদের জন্য এর সুবিধা নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।
জৈন্তাবার্তা/সুলতানা




