কুলাউড়া উপজেলা কাজী সমিতির কাউন্সিল সম্পন্ন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক মখলিছুর রহমান নির্বাচিত

কুলাউড়া উপজেলা কাজী সমিতির কাউন্সিল সম্পন্ন

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০২/১১/২০২৬ ১২:০৯:১৭ পূর্বাহ্ন

কুলাউড়া উপজেলা কাজী সমিতির কাউন্সিল সম্পন্ন

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা কাজী সমিতির কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। গোপন ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে কাজী মাওলানা গোলাম মোস্তফা চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে কাজী মাওলানা মখলিছুর রহমান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কাজী মাওলানা রফিকুল ইসলাম।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় কুলাউড়ার একটি অভিজাত রেস্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এ সময় উপস্থিত কাজীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করে।

কাউন্সিল অধিবেশনের আগে কাজী মাওলানা খন্দকার ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং কাজী গোলাম মোস্তফা চৌধুরী সোহেলের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী এ কে এম বদরুল হক। তিনি তাঁর বক্তব্যে সমিতির সাংগঠনিক কার্যক্রম জোরদার ও ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

কাউন্সিল অধিবেশনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মৌলভীবাজার জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী বদরুল ইসলাম।

নির্বাচন শেষে প্রধান অতিথি কাজী এ কে এম বদরুল হকসহ উপস্থিত কাজীদের সর্বসম্মতিক্রমে কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তদের মনোনীত করা হয়। তাঁরা হলেন—সহসভাপতি কাজী মাওলানা আব্দুল মনাফ, কাজী মাওলানা খন্দকার ফখরুল ইসলাম ও কাজী মাওলানা জসিম উদ্দিন; সহসাধারণ সম্পাদক কাজী মাওলানা গৌছ আলী, কাজী মাওলানা সৈয়দ লিয়াকত আলী ও কাজী মাওলানা রফিকুল ইসলাম সিতার; সহসাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা এহসানুল মাহবুব জাকির ও কাজী মাওলানা আব্দুস সামাদ; অর্থ সম্পাদক কাজী মাওলানা আব্দুস সামাদ কয়েছ এবং প্রচার সম্পাদক কাজী মাওলানা আব্দুল আলীম শাহজালালী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, বড়লেখা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা হুমায়ুন আহমদ চৌধুরী, শ্রীমঙ্গল কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা নাছির উদ্দিন, রাজনগর কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা ফয়জুল ইসলাম, মৌলভীবাজার সদর উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা মুজিবুর রহমান, জুড়ী উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা মখলিছুর রহমান, কমলগঞ্জ উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা আব্দুল হামিদ এবং মৌলভীবাজার সদর উপজেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী মাওলানা মহি সুন্নাহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কাজী এ কে এম বদরুল হক বলেন, অবাধ ও উৎসবমুখর নির্বাচনের মাধ্যমে কুলাউড়া উপজেলা কাজী সমিতির যোগ্য নেতৃত্ব নির্বাচিত হয়েছে। নবনির্বাচিত নেতৃত্বের হাত ধরে আগামী দিনে সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


জৈন্তা বার্তা / ওয়াদুদ