ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ পদোন্নতিজনিত বদলিতে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়িত হয়েছেন। তাঁর বিদায় উপলক্ষে আয়োজিত নাগরিক সংবর্ধনায় ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।
রোববার (১ নভেম্বর) উপজেলা আইনশৃঙ্খলা কমিটির উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অরূপ রতন সিংহ একজন যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে দোয়ারাবাজারে প্রশংসিত হয়েছেন। দায়িত্ব পালনকালে তিনি আন্তরিকতা ও কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁর কর্মদক্ষতা ও জনসেবামূলক ভূমিকা দোয়ারাবাজারবাসীর স্মৃতিতে অম্লান হয়ে থাকবে।
সংবর্ধিত অতিথি অরূপ রতন সিংহ বলেন, দায়িত্ব পালনকালে সংসদ সদস্য, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা পেয়েছেন তিনি। সবার সহযোগিতায় অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছেন। এ নাগরিক সংবর্ধনাকে কর্মজীবনের বিশেষ অর্জন উল্লেখ করে তিনি দোয়ারাবাজারের মানুষের ভালোবাসা ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবেন বলে জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম আব্দুল্লাহ আল মামুন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক নমু ও আব্দুল বারী, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, বোগলা রুসমত আলী রামসুন্দর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন এবং উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতির সভাপতি মাস্টার মুহিবুর রহমান কয়েছ।
বক্তারা বলেন, দেড় বছরের কর্মকালীন সময়ে অরূপ রতন সিংহ জনবান্ধব ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছেন। তাঁর উদ্যোগ ও আন্তরিকতায় উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক ও নান্দনিক কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে। দোয়ারাবাজারে তাঁর কর্মময় সময় ও অবদান স্থানীয় মানুষের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পদোন্নতিজনিত বদলিতে অরূপ রতন সিংহ বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে যোগদানের জন্য পদায়িত হয়েছেন। নতুন কর্মস্থলে তাঁর সফলতা কামনা করেন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




