চাকরির পেছনে না ছুটে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠুন: বিভাগীয় কমিশনার
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেটে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সম্মাননা ক্রেস্ট বিতরণ

চাকরির পেছনে না ছুটে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠুন: বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১/১১/২০২৬ ০৯:৫৭:৩৪ অপরাহ্ন

চাকরির পেছনে না ছুটে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠুন: বিভাগীয় কমিশনার

ছবি:সংগৃহীত


সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, শুধু চাকরির পেছনে না ছুটে নিজেদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। দক্ষ নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলে চাকরিই একসময় আপনার পেছনে ছুটবে।

তিনি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) নানা প্রযুক্তি ও প্রতিষ্ঠানের কাজ শেখার সুযোগ রয়েছে। এসব বিষয়ে দক্ষতা অর্জন করতে পারলে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবেও নিজেকে গড়ে তোলা সম্ভব।

বিভাগীয় কমিশনার আরও বলেন, অনার্স-মাস্টার্স শেষ করেও অনেকে সম্মানজনক চাকরি পাচ্ছেন না। নিরুপায় হয়ে একাডেমিক শিক্ষার বিষয় বিবেচনা না করে যেকোনো চাকরি নিতে বাধ্য হচ্ছেন। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের কর্মজীবনের জন্য প্রস্তুত করতে হবে।

রোববার (১ নভেম্বর) সকালে সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে সিলেট জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর) দেবাশীষ দাস, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ রানা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুর রউফ শাহ। শুভেচ্ছা বক্তব্য দেন ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত যুব উদ্যোক্তা ও সংগঠক মো. নজরুল ইসলাম; আদর্শ সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. আনোয়ার হোসেন রাজু; তাছনিম টেইলারিং হাউজের পরিচালক জেলি বেগম এবং ইয়ুথ সিলেটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. সারোয়ার আলম।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক, আদর্শ যুব সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল জলিল সামায়ুন, সোশ্যাল ইকোনমিক সোসাইটির সভাপতি ফাহিমা আহাদ কুমকুম, মো. শাহ আলম, কয়ছর আহমদ কাওছার, মো. নিজাম উদ্দিন, শারমিন কবির ও আলী আহসান হাবিব।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুব প্রশিক্ষণ কেন্দ্র জামে মসজিদের ইমাম মাওলানা মিসবাউল ইসলাম। গীতা পাঠ করেন তপন চন্দ্র দাস।

আলোচনা সভা শেষে যুব ঋণের চেক বিতরণ এবং জেলা পর্যায়ে সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের মধ্যে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। পরে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে আল ইসলাহ উত্তর বালুচরের শায়ান বুটিক হাউজের স্বত্বাধিকারী কাজী লিপা রহমানকে এক লাখ টাকার যুব ঋণের চেক এবং খাদিমনগরের বাহুবল এলাকার ধ্রুব টেইলার্স অ্যান্ড ফেব্রিকসের স্বত্বাধিকারী মনি দেবনাথকে এক লাখ টাকার ঋণের চেক দেওয়া হয়। এ ছাড়া ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় বাণিজ্যিক বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করায় মোছাম্মত রোজিনা বেগমকে পুরস্কৃত করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে সফল উদ্যোক্তা ও সমাজকর্মীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ