যে কারণে বাড়তে পারে লোডশেডিং
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:২৭ PM

যে কারণে বাড়তে পারে লোডশেডিং

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৭/২০২৬ ০১:২৬:২৩ PM

যে কারণে বাড়তে পারে লোডশেডিং


মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে অগ্নিকাণ্ডের পর দেশের গ্যাস সংকট আরও গভীর হয়েছে। জাতীয় গ্রিডে সরবরাহ স্বাভাবিক হতে আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ফলে আবাসিক, শিল্প, সিএনজি ও বিদ্যুৎ খাতে চলমান সংকট আরও তীব্র হওয়ার পাশাপাশি লোডশেডিং বৃদ্ধির আশঙ্কাও দেখা দিয়েছে।

মঙ্গলবার শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে টার্মিনালের গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক কেবল ও যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পাঁচ দিন পরও টার্মিনালটি চালু করা সম্ভব হয়নি। বর্তমানে যুক্তরাজ্য থেকে আসা প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ করছেন। তবে কবে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ পুনরায় শুরু হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট সময় জানাতে পারেনি পরিচালনাকারী প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি।

পেট্রোবাংলা ও সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। স্বাভাবিক সময়ে সরবরাহ করা হয় প্রায় ২৬৫ থেকে ২৭০ কোটি ঘনফুট। এর মধ্যে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে আসে দৈনিক ৯০ থেকে ১১০ কোটি ঘনফুট গ্যাস। একটি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহ প্রায় ৪৫ কোটি ঘনফুট কমে বর্তমানে ২১৫ থেকে ২২০ কোটি ঘনফুটে নেমে এসেছে। ফলে ঘাটতি বেড়ে চাহিদার প্রায় ৪৫ শতাংশে পৌঁছেছে।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, আগামী পাঁচ থেকে আট দিনের মধ্যে টার্মিনালটি আংশিক চালু করা সম্ভব হলে প্রতিদিন অতিরিক্ত প্রায় ৩০ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা যাবে। তবে পূর্ণ সক্ষমতায় ফিরতে আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে। কারিগরি মেরামতের পাশাপাশি আন্তর্জাতিক বীমা ও অন্যান্য আনুষঙ্গিক প্রক্রিয়াও সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

গ্যাস সংকটের সরাসরি প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও। বর্তমানে বিদ্যুৎ খাতে দৈনিক প্রায় ৭০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে, যা দুর্ঘটনার আগে ছিল প্রায় ৯০ কোটি ঘনফুট। ফলে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন পাঁচ থেকে ছয় হাজার মেগাওয়াটের পরিবর্তে প্রায় চার হাজার মেগাওয়াটে নেমে এসেছে। বৃষ্টি ও সাপ্তাহিক ছুটির কারণে বিদ্যুতের চাহিদা কম থাকায় বড় ধরনের লোডশেডিং এড়ানো গেলেও তাপমাত্রা বৃদ্ধি এবং শিল্পকারখানা পুরোপুরি চালু হলে বিদ্যুতের চাহিদা বাড়ার সঙ্গে লোডশেডিংও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) মো. রফিকুল ইসলাম বলেন, “শর্টসার্কিটে কেবল ও বৈদ্যুতিক যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদেশি প্রকৌশলীরা নিরবচ্ছিন্নভাবে মেরামতকাজ চালিয়ে যাচ্ছেন। তবে কাজ শেষ হওয়ার নির্দিষ্ট সময় এখনই বলা সম্ভব নয়।”

জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরীও জানান, প্রয়োজনীয় কিছু যন্ত্রাংশ বিদেশ থেকে আনতে হতে পারে। দ্রুত টার্মিনাল চালুর জন্য এক্সিলারেট এনার্জিকে তাগিদ দেওয়া হয়েছে।

২০১৮ সালে মহেশখালীতে দেশের প্রথম ভাসমান এলএনজি টার্মিনাল চালু করে যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সিলারেট এনার্জি। পরে ২০২০ সালে সামিট গ্রুপ দ্বিতীয় টার্মিনাল চালু করে। তবে দুটি টার্মিনালের একটিতে সামান্য ত্রুটিও জাতীয় গ্যাস সরবরাহে বড় ধরনের সংকট সৃষ্টি করছে। এ প্রেক্ষাপটে জ্বালানি বিশেষজ্ঞরা দীর্ঘমেয়াদে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণ, দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদার এবং বিকল্প জ্বালানি উৎস সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেছেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

‘নেতিবাচক ক্যাপশনে’ শিক্ষিকার ভিডিও ভাইরাল করেন এক প্রবাসী তরুণ
তীব্র গরমের মধ্যেই সিলেটে ঝড় ও ব'জ্রবৃষ্টির পূর্বাভাস
জগন্নাথপুরে পাঁচ বছরের শিশুকে যৌ*ন নি*র্যাতনের অ*ভিযোগে চাচা আ*টক
জনকল্যাণে কাজ করলে মানুষ আজীবন মনে রাখে: সিসিক প্রশাসক
কিশোরীকে ধ*র্ষণচেষ্টার প্রধান আ*সামি ৪৮ ঘণ্টার মধ্যে গ্রে*প্তার
ওসমানীনগরে ভু*য়া ব্যাংক চালানে ইউএনওকে বিভ্রা*ন্তির চেষ্টা
আজমিরীগঞ্জে ভ*য়াবহ বিদ্যুৎ বি*ভ্রাট, জনজীবন বিপ*র্যস্ত
প্রযুক্তির নে*তিবাচক প্রভাব থেকে সন্তানদের বাঁ*চাতে হবে: এমপি এমরান
পদত্যাগের পর সরকারি বাসভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
সিলেটের শিক্ষিকা বিউটি পালের পাশে লেখক-শিক্ষক-সাংবাদিকরা