ছবি:সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জয়নাল আবেদিন বাচ্চু বলেন, ১৯৯৯ সাল থেকে তিনি টানা পাঁচবার কুলাউড়া পৌরসভার কমিশনার/কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া তিনবার প্যানেল মেয়র নির্বাচিত হয়ে একাধিকবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনের সুবাদে পৌরসভার প্রতিটি এলাকা ও বিভিন্ন ওয়ার্ডের সমস্যা সম্পর্কে তার প্রত্যক্ষ ধারণা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তৎকালীন অন্তর্বর্তী সরকার পৌর পরিষদ বিলুপ্ত ঘোষণা করলে তিনি পৌরবাসীর সেবার লক্ষ্য নিয়ে মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর পৌরসভার প্রায় ৬০টি মসজিদের মধ্যে প্রায় ৪০টিতে গিয়ে মুসল্লিদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। পাশাপাশি পৌর এলাকার হিন্দু-মুসলিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করে তাদের সহযোগিতা চান।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, দলের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তিনি দাবি করেন, এর আগে বদরুজ্জামান সজল জাতীয় সংসদ নির্বাচন এবং পরে উপজেলা পরিষদ নির্বাচন করারও ঘোষণা দিয়েছিলেন।
জয়নাল আবেদিন বাচ্চু বলেন, ‘তিনি শেষ পর্যন্ত কোন নির্বাচনে অংশ নেবেন, তা একমাত্র আল্লাহই ভালো জানেন।’
সংবাদ সম্মেলনের শেষে তিনি কুলাউড়া পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




