দুই ছিনতাইকারীর যাবজ্জীবন কারাদণ্ডের রায়
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১৯ PM

সবজি ব্যবসায়ী হ ত্যা

দুই ছিনতাইকারীর যাবজ্জীবন কারাদণ্ডের রায়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৭/২০২৬ ০৫:৪২:৫৬ PM

দুই ছিনতাইকারীর যাবজ্জীবন কারাদণ্ডের রায়

সংগৃহিত


ঢাকার গেন্ডারিয়া থানা এলাকায় সবজি ব্যবসায়ী চুন্নু মিয়াকে ছিনতাইয়ের পর হত্যা মামলায় দুই ছিনতাইকারীর যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

রায়ে আসামিদের ছিনতাইয়ের অপরাধে আরও পাঁচ বছর করে কারাদণ্ডেরও আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার নবম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

রায়ে দণ্ডিতরা হলেন বাবু ওরফে বাঘা বাবু ও মামুন। পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার বিবরণ থেকে জানা যায়, সবজি ব্যবসায়ী চুন্নু মিয়া শ্যামবাজারে কাঁচামালের ব্যবসা করতেন। ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাঁচা মাল কেনার জন্য যাত্রাবাড়ী আড়তে যান। সেখান থেকে এক বস্তা বেগুন কিনে রিকশায় করে শ্যামবাজারের উদ্দেশে রওনা হন। ভোর ৫টার দিকে গেন্ডারিয়া থানার কাঠেরপুল এলাকায় পৌঁছালে আসামিরা তার রিকশা আটকায়। তারা তার কাছে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। চুন্নু মিয়া আসামিদের চেনেন মর্মে জানান। একথা শোনার পর সজিব তাকে ছুরিকাঘাত করে। পরে গেন্ডারিয়া থানা পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় চুন্নু মিয়ার শ্যালক মো. জাহাঙ্গীর পরের দিন গেন্ডারিয়া থানায় ছিনতাইয়ের পর খুনের অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে সজিব, মামুন ও বাঘা বাবুকে অভিযুক্ত করে একই বছরের ১৪ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন গেন্ডারিয়া থানার এসআই মনিরুজ্জামান। ওই বছরের ৭ অগাস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। বিচার চলাকালে আদালত ১৯ সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করে। বিচার চলাকালে আসামি সজিব মারা যায়। 

জৈন্তাবার্তা/সুলতানা