দেশের চা-বাগানে কর্মরত শ্রমিকদের জন্য যুগোপযোগী ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ ও নতুন মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নেতারা।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে (লেবার হাউস) আয়োজিত এ সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল বলেন, বাংলাদেশ চা বোর্ডের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী দেশে বর্তমানে ১৭৮টি চা বাগান রয়েছে। সেখানে প্রায় এক লাখ নিবন্ধিত এবং ৫০ হাজারের বেশি অনিবন্ধিত শ্রমিক কাজ করছেন। কিন্তু তারা মাত্র ১৮৭ টাকা ৫০ পয়সা মজুরিতে প্রতিদিন কাজ করেন। চা শ্রমিকদের জন্য বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন মজুরি কাঠামো প্রণয়ন ও ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবি জানান তিনি।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পংকজ এ কন্দ এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, ধনা বাউড়ি, রাজু গোয়ালা, সাঈদুল ইসলাম প্রমুখ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রমিক নেতারা বলেন, বর্তমানে ১৮৬ টাকা দৈনিক মজুরিতে শ্রমিকদের সংসার চালানো অসম্ভব। আগামী সপ্তাহে ৫ শতাংশ বৃদ্ধি কার্যকর হলেও তা মেনে নেবেন না বলে জানান চা শ্রমিক নেতারা। একই সঙ্গে সরকার মানসম্মত মজুরি নির্ধারণ না করলে আন্দোলন-সংগ্রামের কর্মসূচি শুরুর হুঁশিয়ারি দেন তারা।
জৈন্তাবার্তা/আরআর




