সিলেট
নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন, উন্মুক্ত জায়গা পাওয়া সাপেক্ষে নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ তৈরির চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি নগরবাসীর জন্য উন্মুক্ত স্থান ও বিনোদনের সুযোগ
বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
বুধবার
(১২ আগস্ট) বিকেলে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের
উপশহর ‘সি’ ব্লকের পরিত্যক্ত খেলার মাঠ সরেজমিন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি
মাঠটি সংস্কার করে সবার জন্য উন্মুক্ত করার ঘোষণা দেন।
পরিদর্শনকালে
সিসিক প্রশাসক মাঠের বর্তমান অবস্থা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সংস্কারের বিষয়ে আলোচনা করেন।
আব্দুল
কাইয়ুম চৌধুরী বলেন, একসময় সিলেটের পাড়া-মহল্লায় প্রচুর খেলার মাঠ ছিল। এসব মাঠে শিশু-কিশোররা খেলাধুলা করত। এলাকার মানুষ সকাল-বিকেলে হাঁটাচলা ও শরীরচর্চা করতেন।
কিন্তু বর্তমানে নগরীতে পর্যাপ্ত খেলার মাঠ ও উন্মুক্ত জায়গা
নেই। বিনোদন পার্কের সংখ্যাও পর্যাপ্ত নয়। ফলে শিশু, তরুণ ও বয়স্করা মুক্ত
বাতাসে হাঁটাচলা, শরীরচর্চা ও খেলাধুলার সুযোগ
থেকে বঞ্চিত হচ্ছেন।
তিনি
বলেন, ‘আমরা নগরবাসীর জন্য মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ সৃষ্টি করতে চাই। শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে চাই। উপশহর ‘সি’ ব্লকের মাঠটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এটি সংস্কার করে সবার জন্য উন্মুক্ত করা হবে।’
সিসিক
প্রশাসক বলেন, মাঠটি সংস্কার করা হলে এলাকার মানুষ হাঁটাচলা ও শরীরচর্চার সুযোগ
পাবেন। পাশাপাশি শিশু-কিশোররা খেলাধুলার সুযোগ পাবে। এতে এলাকায় একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ
তৈরি হবে।
তিনি
আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি পাড়া-মহল্লায় খেলার মাঠের ব্যবস্থা করতে আন্তরিকভাবে কাজ করছেন। সিলেট-১ আসনের সংসদ
সদস্য ও শিল্প ও
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীরও এ বিষয়ে আন্তরিকভাবে
কাজ করছেন।
পরিদর্শনকালে
সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, সহকারী
প্রকৌশলী সুমন চন্দ্র দেবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর
আগে সিসিক প্রশাসক নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের
সাদারপাড়া এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি
সাদারপাড়া পয়েন্ট থেকে উপশহর এইচ ব্লক ২ নম্বর সড়কের
পাশের ড্রেন ও সড়কবাতি স্থাপন
প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে
তিনি জানান, ড্রেন নির্মাণের কাজ শেষ হওয়ার পর সড়কটি উঁচু
করে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ করা হবে। এতে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি সড়কটি আরও টেকসই হবে।
এ
সময় সাবেক কাউন্সিলর হুমায়ূন কবির সুহিন, সাবেক কাউন্সিলর সালেহা কবির সেপী, সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা নজরুল ইসলাম চৌধুরী সাবুল, সহসভাপতি ও ২৪ নম্বর
ওয়ার্ড বিএনপির সভাপতি রহিম মল্লিক, রহিম আলী রাসু, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ