সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর দাবি
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ PM

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আশ্বাসের বাস্তবায়ন চায় গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখা

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৯/২০২৬ ০৬:১৯:০৫ PM

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর দাবি

ছবি:সংগৃহীত


সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে দ্রুত টার্কিশ এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইট চালুর দাবি জানিয়েছে সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখা। একই সঙ্গে বিমানবন্দরের টার্মিনাল নির্মাণকাজ দ্রুত শেষ করা, প্রবাসী হয়রানি ও লাগেজ চুরি বন্ধ এবং সিলেট-আখাউড়া রেলপথ ডাবল লাইনে উন্নীত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম, সাধারণ সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন ও কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান কুরেশী এক যৌথ বিবৃতিতে এসব দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিলেটের কৃতিসন্তান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঘোষণা দিয়েছিলেন, অতি শিগগিরই সিলেট বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্স বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে। সিলেটের প্রবাসীরা তাঁর এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। এখন ফ্লাইট চালুর সুনির্দিষ্ট তারিখ ঘোষণার জন্য তাঁরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।

তারা বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে আরও জানিয়েছিলেন, আরও কয়েকটি বিদেশি এয়ারলাইন্স সিলেটে ফ্লাইট পরিচালনার প্রক্রিয়ায় রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সিলেটের প্রবাসীরা এসব এয়ারলাইন্সের মাধ্যমে কবে মাতৃভূমিতে সরাসরি আসতে পারবেন, সে অপেক্ষায় রয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, সিলেটসহ বাংলাদেশের প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি ও লাগেজ চুরির ঘটনা বন্ধ করতে হবে। এ ধরনের ঘটনায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে বিদেশিরা বাংলাদেশে আসতে নিরুৎসাহিত হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

নেতৃবৃন্দ সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে দিন-রাত কাজ চালানোর আহ্বান জানান। ২০২৭ সালের মধ্যে টার্মিনালের কাজ সম্পন্ন করার দাবিও জানান তারা।

একই সঙ্গে বিমানবন্দরের মসজিদটি নান্দনিক দ্বিতল মসজিদে রূপান্তরের দাবি জানিয়ে তারা বলেন, এতে হজযাত্রীরা বিমানবন্দর থেকেই এহরাম পরে সরাসরি মক্কার উদ্দেশে যাত্রা করতে পারবেন।

বিবৃতিতে সিলেট-আখাউড়া রেলপথ ডাবল লাইনে উন্নীত করারও দাবি জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, যোগাযোগের ক্ষেত্রে রেল পরিবহন অত্যন্ত জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই কালবিলম্ব না করে সিলেট থেকে আখাউড়া পর্যন্ত রেললাইন ডাবল করা হলে সিলেট বিভাগবাসীর যাতায়াত ব্যবস্থা আরও সহজ হবে। পাশাপাশি এতে দেশের অর্থনীতিও লাভবান হবে।

যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দের এসব দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখার সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক সানি আহমদ সুমন।

এদিকে সিলেট বিভাগবাসীর এসব দাবি দ্রুত বাস্তবায়নের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্করসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল