চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৫০০ টাকা ঘোষণার দাবি
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ PM

চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৫০০ টাকা ঘোষণার দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৮/২০২৬ ০৯:৪৬:৫১ PM

চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৫০০ টাকা ঘোষণার দাবি

ছবি:সংগৃহীত


চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৫০০ টাকা ঘোষণার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন। বুধবার (১২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলোর নেতারা এ দাবি জানান।

বিবৃতিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা সভাপতি আবু জাফর, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা উজ্জ্বল রায়, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা প্রণব জ্যোতি পাল এবং বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা আহ্বায়ক হৃদয় লোহার স্বাক্ষর করেন।

নেতৃবৃন্দ বলেন, ২০২৩ সালের চা শ্রমিকদের স্বার্থবিরোধী গেজেটের আলোকে ৫ শতাংশ ইনক্রিমেন্ট দিয়ে দৈনিক নগদ মজুরি ১৯৬ টাকা নির্ধারণ করা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। বর্তমান বাজার পরিস্থিতিতে এই মজুরি দিয়ে একজন শ্রমিকের জীবনযাপন করা অত্যন্ত কঠিন। তাই অবিলম্বে চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৫০০ টাকা ঘোষণা করতে হবে।

তাঁরা অভিযোগ করেন, দৈনিক নগদ মজুরি ৫০০ টাকা নির্ধারণ, শ্রমিক স্বার্থবিরোধী ২০২৩ সালের গেজেট বাতিল, চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন এবং বসতভিটার স্থায়ী বন্দোবস্ত-এই চার দফা দাবিতে গড়ে ওঠা আন্দোলনকে বিভ্রান্ত করতেই বাংলাদেশ চা সংসদ একতরফাভাবে ১৯৬ টাকা মজুরি ঘোষণা করেছে।

বিবৃতিতে বলা হয়, চরম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে দৈনিক ১৯৬ টাকা মজুরি নির্ধারণ করে চা শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষ চরম অন্যায় করছে। সরকার চা শিল্পকে লাভজনক ও রপ্তানিমুখী শিল্প হিসেবে তুলে ধরলেও যুগের পর যুগ এই শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের জীবনমানের কাঙ্ক্ষিত উন্নতি হয়নি।

নেতৃবৃন্দ বলেন, ‘যারা শ্রম দিয়ে দেশের চা শিল্পকে গড়ে তুলেছেন, সেই শ্রমিকদেরই দীর্ঘদিন ধরে শোষণ-বঞ্চনা ও শ্রমদাসত্বের শৃঙ্খলে বন্দি করে রাখা হয়েছে। এই বন্দিদশা থেকে চা শ্রমিকদের মুক্ত করতে হবে।’

তাঁরা জানান, চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৬০০ টাকা ঘোষণার দাবিতে তাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। তবে বর্তমান বাগান নেতৃত্বের পক্ষ থেকে ৫০০ টাকা মজুরি ঘোষণার দাবিতে যে আন্দোলন চলছে, তার প্রতি তাঁরা সমর্থন জানাচ্ছেন।

একই সঙ্গে চা শ্রমিকদের সঙ্গে প্রতারণার সামিল ২০২৩ সালের ৫ শতাংশ ইনক্রিমেন্টের গেজেট বাতিল এবং চা শ্রমিকদের জন্য জাতীয় মজুরি বোর্ড গঠনের দাবি জানান তাঁরা।

এ ছাড়া অবিলম্বে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তারিখ ঘোষণা, চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা এবং তাঁদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল