ছবি:সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরে সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান ও শপিং মল খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে চারটি মামলায় মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত কুলাউড়া পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।
অভিযানকালে সরকারি আদেশ অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান ও শপিং মল খোলা রাখার দায়ে পৃথক চারটি মামলা করা হয়। এসব মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় মোট ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং নির্ধারিত সময়ের পর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় ব্যবসায়ী ও দোকান মালিকদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




