সংগৃহীত
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরেক কিশোর।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের সামনে ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেসে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম জাহিদুল (১২)। আহত কিশোরের নাম মো. সাজেদুল শেখ।
নিহত জাহিদুল উপজেলার ময়না ইউনিয়নের ইছাখালী গ্রামের মিল্টন শেখের ছেলে। আহত সাজেদুল শেখও একই গ্রামের কাইয়ুম শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাটিয়াপাড়া এক্সপ্রেসের ছাদে উঠে দুই কিশোর দৌড়াদৌড়ি করছিল। চতুল উচ্চ বিদ্যালয়ের কাছে রেললাইনের পাশের একটি কাঁঠালগাছের ডালের সঙ্গে তাদের ধাক্কা লাগে। এতে দুজনই ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে যায়। জাহিদুল ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় সাজেদুলকে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তমাল কৃষ্ণ রায় জানান, সাজেদুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রয়েল আহমেদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনাটি রেলওয়ে পুলিশের এখতিয়ারাধীন। মরদেহ উদ্ধারের পর রাজবাড়ী রেলওয়ে থানাকে বিষয়টি জানানো হয়েছে। তারা পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।’
রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি ভাঙ্গা রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জৈন্তাবার্তা/ সুলতানা




