ছবি:সংগৃহীত
গত আগস্ট মাসে দেশে ২৫২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। অর্থাৎ মাসটিতে প্রতিদিন গড়ে আটজন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ৫৫ জন হত্যাকাণ্ডের এবং ৫৪ জন ধর্ষণের শিকার হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটির কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদে সংরক্ষিত ১৫টি জাতীয় দৈনিক ও দুটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে আগস্ট মাসের এ তথ্য সংকলন করা হয়েছে।
মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, নির্যাতনের শিকার ২৫২ জনের মধ্যে ১১৮ জন কন্যাশিশু এবং ১৩৪ জন নারী। হত্যার শিকার ৫৫ জনের মধ্যে ১০ জন কন্যাশিশু ও ৪৫ জন নারী।
আগস্টে ধর্ষণের শিকার হয়েছেন ৫৪ জন। তাঁদের মধ্যে ৩৬ জন কন্যাশিশু এবং ১৮ জন নারী। ধর্ষণের শিকারদের মধ্যে ১৩ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন, যার মধ্যে আটজন কন্যাশিশু। ধর্ষণের পর হত্যা করা হয়েছে দুইজনকে-তাঁদের একজন কন্যাশিশু। এ ছাড়া ১৪ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, যাঁদের মধ্যে ১১ জন কন্যাশিশু।
প্রতিবেদনে আরও বলা হয়, আগস্টে ৩০ জন নারী ও কন্যাশিশু যৌন সহিংসতার শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ২৪ জন কন্যাশিশু। যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১৪ জন এবং উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন নয়জন। এ ছাড়া সাতজন সাইবার সহিংসতার শিকার হয়েছেন, যাঁদের মধ্যে চারজন কন্যাশিশু।
এর বাইরে হত্যাচেষ্টা, অগ্নিদগ্ধ, আত্মহত্যা, গৃহকর্মী নির্যাতন, পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ ও অপহরণসহ বিভিন্ন ধরনের নির্যাতনের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




