গোয়াইনঘাটের বারকিপুর স্কুল: নেই সী'মানা প্রাচীর, নি'রাপত্তাহীনতায় শিক্ষক ও শিক্ষার্থীরা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ PM

গোয়াইনঘাটের বারকিপুর স্কুল: নেই সী'মানা প্রাচীর, নি'রাপত্তাহীনতায় শিক্ষক ও শিক্ষার্থীরা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৬/০৯/২০২৬ ১২:৫১:২৪ PM

গোয়াইনঘাটের বারকিপুর স্কুল: নেই সী'মানা প্রাচীর, নি'রাপত্তাহীনতায় শিক্ষক ও শিক্ষার্থীরা

সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের বারকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। সীমানা প্রাচীরবিহীন উন্মুক্ত বিদ্যালয় প্রাঙ্গণে বহিরাগত মানুষের অবাধ যাতায়াত এবং গবাদিপশুর অবাধ বিচরণের কারণে প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে শিক্ষার স্বাভাবিক পরিবেশ। ফলে যেকোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কে দিন পার করেন সংশ্লিষ্টরা।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টিতে বারকিপুর ও এর আশপাশের এলাকার বিপুলসংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করে। কিন্তু দীর্ঘ দিন ধরে বিদ্যালয়টির চারপাশে কোনো সীমানা প্রাচীর বা বাউন্ডারি ওয়াল না থাকায় বিদ্যালয় প্রাঙ্গণ পুরোপুরি অরক্ষিত অবস্থায় রয়েছে। ক্লাস চলাকালীন সময়েও স্কুল মাঠে বহিরাগতদের আনাগোনা দেখা যায়। এছাড়া সীমানা উন্মুক্ত হওয়ার কারণে গরু-ছাগল অনায়াসেই স্কুল চত্বরে প্রবেশ করে মলমূত্র ত্যাগ করে পরিবেশ নষ্ট করছে।বিদ্যালয়ের পাশ দিয়ে সারীঘাট গোয়াইনঘাট প্রধান সড়ক বয়ে যাওয়ায় ছোট শিক্ষার্থীরা টিফিনের সময় বা ছুটির পর দৌড়াদৌড়ি করতে গিয়ে যেকোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে এমন উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকেরা।

বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, "সীমানা প্রাচীর না থাকায় টিফিনের সময় বা ক্লাস চলাকালীন প্রায়ই বাইরের লোকজন মাঠে ঢুকে পড়ে। অনেক সময় অপরিচিত লোকজন এসে আড্ডা দেয়। এতে আমাদের অনেক ভয় লাগে এবং ক্লাসেও মনোযোগ নষ্ট হয়।"

বারকিপুর গ্রামের বাসিন্দা ও এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, "বাচ্চাদের স্কুলে পাঠিয়ে আমরা বাড়িতে শান্তিতে থাকতে পারি না। সীমানা প্রাচীর না থাকায় বাচ্চারা কখন রাস্তায় চলে যায়, সেই আতঙ্কে থাকতে হয়। স্কুলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত একটি সীমানা প্রাচীর নির্মাণ করা জরুরি।"

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শুক্কুর বলেন, "সীমানা প্রাচীর না থাকায় বিদ্যালয়ের নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। রাতের বেলা অনেক সময় বিদ্যালয়ের জিনিসপত্র চুরিরও আশঙ্কা থাকে। আমরা ইতোমধ্যে স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলা শিক্ষা অফিসে বিষয়টি অবগত করেছি।" তিনি আরো জানান, ২০১১ সালে প্রধান সড়ক পার হতে গিয়ে একজন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়। এছাড়া বেশিরভাগ সময় প্রধান সড়কে বিদ্যালয়ে যাতায়াত ও পারাপারে ছোট খাটো দুর্ঘটনা লেগেই থাকে।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা শিক্ষা কার্যালয়ে যোগাযোগ করা হলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখায়ের হোসেন ভূইয়া জানান, "বারকিপুর বিদ্যালয়ের সীমানা প্রাচীর না থাকার বিষয়টি আমাদের নজরে আছে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে বিদ্যালয়টির সীমানা প্রাচীর নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি বিদ্যালয়ের প্রস্তাবনা পাঠানো হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে জানান তিনি ।"

শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি সুস্থ ও সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে অবিলম্বে বারকিপুর বিদ্যালয়ে সীমানা প্রাচীর নির্মাণের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ: