ছবি:সংগৃহীত
সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুর পেছনে কোনো ষড়যন্ত্র ছিল কি না, তা অনুসন্ধান করে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘একটা বিষয় আমার মনের মধ্যে সবসময় উঁকি দেয়। সাইফুর রহমান সাহেব দুর্ঘটনায় মারা গেলেন। এটা কি কেবলই দুর্ঘটনা ছিল, না কোনো জাতীয়, আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল-এটাও আমাদের খুঁজে বের করা দরকার।’
তিনি বলেন, সাইফুর রহমানের মতো একজন অর্থনীতিবিদ বাংলাদেশের মতো একটি ছোট ও দারিদ্র্যপীড়িত দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর অর্থনৈতিক নীতি ও সংস্কার অনেকের পছন্দ না-ও হয়ে থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী আরও বলেন, ‘অনেক দেশ বা ভেতরের অনেক শক্তি, যারা জাতীয়তাবাদী শক্তিকে পছন্দ করে না, বাংলাদেশ নিজের অর্থনীতিতে গড়ে উঠবে, নিজের কৃষি অর্থনীতির ওপর ভিত্তি করে খাদ্যে স্বয়ংসম্পন্ন হবে-এটা কেউ কেউ পছন্দ করেনি। তাই তাঁর মৃত্যুর দুর্ঘটনা নিয়ে একটা সন্দেহ আছে। আমরা তখন থেকেই শুনেছি, সাইফুর রহমান সাহেবের এই দুর্ঘটনা কি নিছক দুর্ঘটনা? এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না, সেটি আমাদের খুঁজে বের করতে হবে।’
প্রয়াত অর্থমন্ত্রীর অর্থনৈতিক অবদানের কথা তুলে ধরে রিজভী বলেন, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও অর্থনীতিবিদ মনমোহন সিংও সাইফুর রহমানের অর্থনৈতিক নীতি ও বাংলাদেশের অর্থনীতির উদারীকরণের ধারণা অনুসরণ করেছিলেন।
তিনি বলেন, ‘আমরা সেই সাইফুর রহমানকে অনেক সময় ভুলে যাই। আমাদের ভুলে যাওয়া চলবে না, আমাদের তাঁকে স্মরণ করতে হবে।’
এম সাইফুর রহমান ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারা যান। সেদিন তিনি মৌলভীবাজারের নিজ বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন।
আলোচনা সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, এম সাইফুর রহমান ছিলেন বাংলাদেশের অর্থনীতির ভিত্তি তৈরির অন্যতম কারিগর। মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তিনি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছিলেন এবং অর্থনীতিতে বিভিন্ন সংস্কার কার্যক্রম সফলভাবে শুরু করেছিলেন।
তিনি বলেন, সিলেটের মানুষের কাছে এম সাইফুর রহমানের পরিচয় শুধু একজন অর্থমন্ত্রী হিসেবে নয়। তিনি ছিলেন সিলেটের উন্নয়ন ও সম্ভাবনার একজন অকুতোভয় স্বপ্নদ্রষ্টা। শিক্ষা, যোগাযোগ, অবকাঠামো, ক্রীড়া ও সামগ্রিক উন্নয়নে তাঁর উদ্যোগ সিলেটবাসী আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
সিসিক প্রশাসক আরও বলেন, সিলেটকে দেশের একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় অঞ্চল হিসেবে গড়ে তোলার যে প্রত্যয় এম সাইফুর রহমানের মধ্যে ছিল, সেটিই তাঁকে সিলেটবাসীর কাছে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে।
এম সাইফুর রহমানের ছেলে ও সংসদ সদস্য এম নাসের রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ জি কে গউস এমপি এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সভাপতি হেলাল খান।
এ সময় রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




