ছবি:সংগৃহীত
বিদেশগামী যাত্রীদের কোনো পরীক্ষা না করেই মেডিকেল ফিটনেস সনদ দেওয়ার অভিযোগে সিলেট মহানগরীর একটি মেডিকেল সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর আম্বরখানা থানাধীন এয়ারপোর্ট রোডে হিলভিউ মেডিকেল সেন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া। অভিযানে সহযোগিতা করে সিলেট মহানগর পুলিশ।
অভিযোগ ছিল, বিদেশগামী যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা ও রক্তের নমুনা সংগ্রহ না করেই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেওয়া হচ্ছে। পাশাপাশি সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ারও অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এর সত্যতা পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে দেখা যায়, অনেক ক্ষেত্রে কোনো পরীক্ষা ছাড়াই এবং রক্তের নমুনা (সেম্পল) সংগ্রহ না করেই বিদেশযাত্রীদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়েছে। এমনকি প্রতিষ্ঠানটিতে কোনো রেজিস্টারও পাওয়া যায়নি।
জানা গেছে, বিদেশগামী যাত্রীদের মেডিকেল পরীক্ষার জন্য সরকার নির্ধারিত ফি ৮ হাজার ৫০০ টাকা হলেও হিলভিউ মেডিকেল সেন্টারে জনপ্রতি ১২ হাজার ৫০০ টাকা করে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। এতে নির্ধারিত ফির চেয়ে ৪ হাজার টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছিল বলে অভিযোগকারীদের দাবি।
অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া বলেন, অনলাইনে অভিযোগ পাওয়ার পর হিলভিউ মেডিকেল সেন্টারে অভিযান চালানো হয়। সেখানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
তিনি বলেন, ‘প্রতিষ্ঠানটির কোনো রেজিস্টার পাওয়া যায়নি। এমনকি কোনো পরীক্ষা না করেই এবং অনেক ক্ষেত্রে রক্তের নমুনা সংগ্রহ না করেই বিদেশযাত্রীদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড আর করবে না বলে জানায়। এ কারণে প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ না করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
মোহাম্মদ আরিফ মিয়া বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
বিদেশযাত্রীদের মেডিকেল ফিটনেস সনদ প্রদানের ক্ষেত্রে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




