ছবি:সংগৃহীত
সিলেটের গোলাপগঞ্জে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চারটি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব এয়ারগান উদ্ধার করা হয়।
র্যাব-৯ জানায়, ৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সিলেটের গোলাপগঞ্জ থানাধীন ঢাকা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ সড়কের পূর্ব পাশে একটি জঙ্গলের ভেতরে এয়ারগান থাকতে পারে। খবর পেয়ে র্যাব-৯-এর একটি আভিযানিক দল রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালায়।
একপর্যায়ে ঢাকা দক্ষিণ সড়কের পূর্ব পাশে পাহাড়ের ওপর জঙ্গলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি এয়ারগান উদ্ধার করা হয়। তবে উদ্ধারকৃত এয়ারগানের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় র্যাব-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামত সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সিলেটের গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




