পরিবেশ দূ/ষণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়- সিসিক প্রশাসক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ PM

ফাজিলচিশতে ছড়ায় টয়লেটের বর্জ্য! সিসিকের অভিযানে জ/রিমানা ৬ জনকে

পরিবেশ দূ/ষণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়- সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/০৯/২০২৬ ০৪:৩৬:৪০ PM

পরিবেশ দূ/ষণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়- সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর ফাজিলচিশত এলাকায় টয়লেটের বর্জ্য সরাসরি ছড়া ও ড্রেনে ফেলে পরিবেশ দূষণের অভিযোগে ছয়জনকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত দেবের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। সিলেট সিটি করপোরেশন আইন-২০০৯-এর ৯২ ধারায় ছয়জনকে এ জরিমানা করা হয়।

অভিযানকালে সংশ্লিষ্টদের ভবিষ্যতে ছড়া ও ড্রেনে কোনো ধরনের বর্জ্য না ফেলা এবং দ্রুত সেপটিক ট্যাংক নির্মাণের অঙ্গীকারনামা নিয়ে মুচলেকা দেওয়া হয়।

এদিকে অভিযান চলাকালে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ফাজিলচিশত এলাকা পরিদর্শন করেন। তিনি এলাকাবাসীকে ছড়া ও ড্রেনে টয়লেটের বর্জ্য না ফেলার আহ্বান জানান।

সিসিক প্রশাসক বলেন, নগরীর ১ নম্বর ওয়ার্ডের মধ্য দিয়ে প্রবাহিত মালনীছড়ার পানি একসময় স্বচ্ছ থাকলেও সেপটিক ট্যাংক না থাকায় বিভিন্ন বাসাবাড়ি থেকে পাইপের মাধ্যমে সরাসরি টয়লেটের বর্জ্য ছড়ায় ফেলা হচ্ছে। এমনকি একটি মাদ্রাসার টয়লেটের বর্জ্যও ছড়ায় গিয়ে পড়ছে।

তিনি বলেন, সরাসরি ছড়ায় বর্জ্য ফেলার কারণে শুধু ফাজিলচিশত এলাকার পরিবেশ নয়, এর বিরূপ প্রভাব পুরো নগরীতে পড়ছে। ছড়ার পানি কালো ও দুর্গন্ধযুক্ত হয়ে যাওয়ায় জনস্বাস্থ্য ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্যের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে দ্রুত সেপটিক ট্যাংক নির্মাণ এবং ছড়ার সঙ্গে টয়লেটের সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। নগরীর পরিবেশ রক্ষায় সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, ছড়া, ড্রেন ও জলাশয়ে বর্জ্য ফেলে পরিবেশ দূষণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন ও সোচ্চার হওয়ার পাশাপাশি সিটি করপোরেশনের নিয়মকানুন মেনে চলার আহ্বান জানান তিনি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ